শুরু হলো ডিইউআইটিএস-রবি জাতীয় প্রযুক্তি উত্সব

‘নারীর প্রতি সহিংসতা রোধে তথ্যপ্রযুক্তির ভূমিকা’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে আজ শুক্রবার শুরু হয়েছে ডিইউআইটিএস-রবি জাতীয় প্রযুক্তি উত্সব। অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। আগামীকাল শনিবার বিকোলে শেষ হবে এ মেলা।
শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘নারীর অর্থনৈতিক উন্নয়নে তথ্য ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। তথ্য ও প্রযুক্তি আমাদের জীবনের সঙ্গে জড়িত। তথ্য ও প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন সেবা জনগণের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে, নারীর কর্মসংস্থান করা সম্ভব হচ্ছে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন মিলনায়তনে উত্সবে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম খান বলেন, প্রযুক্তি ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না। তাই কোনো জাতিকে এগিয়ে নিতে হলে প্রযুক্তির ওপর গুরুত্ব দিতে হবে সবচেয়ে বেশি।
এবারের উত্সবে শীর্ষস্থানীয় ৪৫টি বিশ্ববিদ্যালয়ের প্রায় এক হাজার শিক্ষক-শিক্ষার্থী অংশ নিচ্ছেন। উত্সবে শিক্ষার্থীদের প্রকল্প প্রদর্শন, অ্যাপস ডেভেলপমেন্ট, গেমিং ও কুইজ প্রতিযোগিতা, ইন্টারনেট নিরাপত্তাবিষয়ক কর্মশালা, আউটসোর্সিং ও উদ্যোক্তা সম্মেলন, তথ্যপ্রযুক্তিনির্ভর বিতর্ক, বিজনেস আইডিয়া প্রতিযোগিতাসহ নানা আয়োজন রয়েছে।