শুরু হলো ডিজিটাল প্রযুক্তির মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশকম্পিউটার সমিতির (বিসিএস) মেলাগুলো বেশ কয়েকবছর ধরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র হয়ে আসছে।তাই এবারের ডিজিটাল মেলা শেরাটন হোটেলে হওয়ায় পরিসর কিছুটা কম।তারপরও আগ্রহীদের উৎসাহ দেখা যাচ্ছে। বিসিএস ডিজিটালএক্সপো নামের এ মেলা আনুষ্ঠানিক উদ্বোধনের পর গতকাল বুধবার দুপুরে দর্শকদের জন্য খুলে দেওয়া হয়। আর তারপরই প্রযুক্তিপ্রেমীদের দেখা গেছে মেলায়।এবারের মেলায় ৪৫টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।মেলায় ঘুরতে আসা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মাহজাবিন নূর জানান, ‘মেলায় নতুন কী কী পণ্য এসেছে তা দেখতে এসেছি, পাশাপাশি মেলার সর্বশেষ প্রযুক্তির প্রদর্শনীও দেখছি।’ ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের স্টলে শিক্ষাবিষয়ক সফটওয়্যারের প্রদর্শনীসহ প্রযুক্তি শিক্ষার নানা কার্যক্রম দেখানো হচ্ছে। শিক্ষার্থীদের আগ্রহও দেখা যাচ্ছে সেসবের প্রতি। মেলার আহ্বায়ক শাহিদ-উল-মুনীর জানান, প্রথম দিনেই দর্শকদের আগমন আশাব্যঞ্জক। নানা ধরনের প্রযুক্তিপণ্যে তরুণ প্রজন্মের দর্শকদের যথেষ্ট আগ্রহ রয়েছে। অন্যান্য মেলার মতো এ মেলাতেও বিভিন্ন প্রতিষ্ঠান নানা ধরনের পণ্যে বিশেষ ছাড় দিয়েছে। লেনোভো মেলায় ৩০ হাজার ৫০০ টাকায় ল্যাপটপ কম্পিউটার বিক্রি করছে এবং প্রতিটি ল্যাপটপের সঙ্গে থাকছে উপহার। স্মার্ট টেকনোলজিস তোশিবার ল্যাপটপে দিচ্ছে বিশেষ ছাড় এবং প্রতিটি ল্যাপটপের সঙ্গে উপহার দিচ্ছে ইউএসবি স্পিকার। রিশিত কম্পিউটার্স ২৩ হাজার টাকায় ল্যাপটপ এবং ১৩ হাজার ৬৫০ টাকায় ডেস্কটপ কম্পিউটার বিক্রি করছে। সনির ডিজিটাল ক্যামেরার সঙ্গে আছে উপহার। গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড আসুসের বিভিন্ন ল্যাপটপ ও ব্রাদার প্রিন্টারসহ বিভিন্ন পণ্যে দিচ্ছে ছাড়-সুবিধা।শেরাটনের দুটি টেনিস কোর্ট ও উইন্টার গার্ডেন জুড়ে চলছে এ মেলা। বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহারের এবং গেম খেলার সুবিধা আছে মেলায়। মেলায় প্রবেশের টিকিট ২০ টাকা। তবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনা মূল্যে প্রবেশের সুযোগ রয়েছে। আজ মেলায় এশিয়ান ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অরগানাইজেশনের (অ্যাসোসিও) বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি মোবাইল ফোন ও ই-ব্যাংকিং বিষয়ে দুটি সেমিনার অনুষ্ঠিত হবে। আগামীকাল মেলায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা হবে। পাশাপাশি ওয়াইম্যাক্স এবং দিনবদলের গল্প বিষয়ে দুটি সেমিনার অনুষ্ঠিত হবে। —নুরুন্নবী চৌধুরী