শুরু হলো তথ্যপ্রযুক্তি বিতর্ক উৎসব

‘আমরা চাই ডিজিটাল বাংলাদেশ রূপায়ণে তরুণদের ভাবনা জানতে। তরুণেরা আমাদের কাছে তাঁদের ভাবনা নিয়ে আসেন, কিন্তু অনেক সময় তাঁরা তা প্রকাশ করার সুযোগ পান না। আমরা সরকারের নীতিনির্ধারণে তরুণদের অংশগ্রহণ বাড়াতে চাই।’
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ‘জাতীয় তথ্যপ্রযুক্তি বিতর্ক উৎসব ২০১৫-১৬’ উদ্বোধনকালে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ এ কথা বলেন। ‘তথ্য-যুক্তি-প্রযুক্তি’ স্লোগানে এ বিতর্ক উৎসবের আয়োজক আইসিটি বিভাগ, বাংলাদেশ ডিবেট ফেডারেশন এবং ক্যাম্পাস টু ক্যারিয়ার। বিতর্ক উৎসবের আঞ্চলিক প্রতিযোগিতা চলবে চলতি ডিসেম্বর ও আগামী জানুয়ারি মাসজুড়ে।
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য নাহিম রাজ্জাক বলেন, এই বিতর্ক উৎসব তরুণ প্রজন্মকে সরকারের বিভিন্ন উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত করার আয়োজন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিটিসচিব শ্যামসুন্দর সিকদার, যুগ্ম সচিব মুজিবুল হকসহ অনেকে।
অনুষ্ঠানে জাতীয় তথ্যপ্রযুক্তি বিতর্ক উৎসবের বিস্তারিত তুলে ধরেন আয়োজক ক্যাম্পাস টু ক্যারিয়ারের নির্বাহী সম্পাদক অঞ্জলি সরকার ও বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সভাপতি সঞ্জীব সাহা। দেশের ৬৪টি জেলার শীর্ষস্থানীয় কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ১৬টি অঞ্চলে হবে এ বিতর্ক উৎসব। ৪ ডিসেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঢাকা অঞ্চলের প্রতিযোগিতার মাধ্যমে শুরু হয়েছে এই উৎসব।