শুরু হলো তথ্যপ্রযুক্তি সমাধান প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেভেলপমেন্ট রিসার্চ নেটওয়ার্কের (ডিনেট) আয়োজনে এবং সিটি ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় তৃতীয়বারের মতো শুরু হলো আর্থিক প্রতিষ্ঠানের জন্য তথ্যপ্রযুক্তি সমাধানের প্রতিযোগিতা সিটি ফাইন্যান্সিয়াল আইটি কেস প্রতিযোগিতা। এ প্রতিযোগিতার উদ্দেশ্য ব্যবসায়িক ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির সফল ব্যবহারের মাধ্যমে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান বিকশিত করা। পাশাপাশি অর্থনৈতিক কাজে সহায়ক প্রকল্প তৈরি এবং সেগুলোর বাস্তবায়নে তাঁদের কৌশলী করে তোলার জন্যও প্রতিযোগিতায় ব্যবস্থা রয়েছে। এ প্রতিযোগিতায় ২২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬৫টি দল অংশ নিয়েছে।গতকাল শনিবার রাজধানীর আইডিবি ভবনে আয়োজিত প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, ‘তরুণদের মেধার সঠিক বিকাশ ঘটাতে এ ধরনের প্রতিযোগিতা ভালো ভূমিকা রাখছে। যখন আমাদের দেশের তরুণেরা ভালো করে, তখন আমরা ভালো কাজ করার প্রেরণা পাই।’ বক্তব্য শেষে মন্ত্রী প্রতিযোগিতার প্রথম পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে ডি নেটের নির্বাহী পরিচালক অনন্য রায়হান, সিটি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও সিটি ব্যাংক এনএ বাংলাদেশের সিটি কান্ট্রি অফিসার রাশেদ মাকসুদ, বাংলাদেশ ওপেনসোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি মাহবুব জামান বক্তব্য দেন। প্রতিযোগিতার আয়োজকেরা জানান, প্রতিযোগিতায় তিনটি ধাপের মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হবে। প্রথম পর্ব গতকাল শুরু হয়েছে। এখান থেকে দ্বিতীয় ধাপের জন্য ১০টি দল বাছাই করা হবে। এরপর এখান থেকে তৃতীয় ধাপের জন্য পাঁচটি দল নিজেদের মধ্যে চূড়ান্ত পর্বে প্রতিযোগিতা করবে। প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বের প্রতিযোগিতায় শ্রেষ্ঠ তিনটি দলকে ক্রমান্বয়ে পাঁচ হাজার, দুই হাজার ও এক হাজার মার্কিন ডলারের সমপরিমাণ টাকা পুরস্কার দেওয়া হবে। এই প্রতিযোগিতায় সহযোগী হিসেবে থাকছে বাংলাদেশের বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস। প্রতিযোগিতার প্রথম ও দ্বিতীয় আসরে যথাক্রমে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস ও ইউনাইটেড ইন্টারন্যাশনালইউনিভার্সিটি চ্যাম্পিয়ন হয়েছিল।—মোছাব্বের হোসেন