শুরু হলো বিশ্বের সবচেয়ে বড় তথ্যপ্রযুক্তি মেলা
তথ্যপ্রযুক্তির সবিশেষ সম্ভার নিয়ে জার্মানির হ্যানোভারে শুরু হয়েছে বিশ্বের বৃহত্তম তথ্যপ্রযুক্তির মেলা সিবিট ২০১২। সারা বিশ্বের তথ্যপ্রযুক্তির সবিশেষ উন্নতি, বাজারব্যবস্থার সম্প্রসারণ ও মূল্যায়নের জন্য এ মেলা সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে। হ্যানোভারে পাঁচ দিনের এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল বলেন, তথ্যপ্রযুক্তির উন্নয়ন পৃথিবীর মানুষের জন্য কতটা যুগোপযোগী হতে পারে, সে বিষয়ে সবার দৃষ্টি থাকা প্রয়োজন। তিনি প্রযুক্তি মেলা থেকে ভিডিও টেলিফোনে আন্তর্জাতিক মহাশূন্য কেন্দ্রের নভোচারীদের সঙ্গেও কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন এবারের মেলার সহযোগী দেশ ব্রাজিলের প্রেসিডেন্ট ডিলমা রুসেফ। ১৭৫ হাজার বর্গমিটার জায়গাজুড়ে সারা বিশ্বের চার হাজার ২৫০টি তথ্যপ্রযুক্তি-বিষয়ক প্রতিষ্ঠান এতে অংশ নিচ্ছে। এবারের মেলার মূল স্লোগান—ডিজিটাল বিশ্বে আরও বিশ্বস্ততা আর নিরাপত্তা। আয়োজকেরা বলেন, পাঁচ দিনের এই মেলায় সারা বিশ্ব থেকে তিন লাখ ৪০ হাজার তথ্যপ্রযুক্তি-বিষয়ক বিশেষজ্ঞ, ব্যবসায়ীসহ সাধারণ মানুষ উপস্থিত হবেন।এবারের মেলায় বাংলাদেশ থেকে রপ্তানি উন্নয়ন ব্যুরোসহ হল্যান্ডভিত্তিক সিবিআইয়ের অধীন বেশ কিছু তথ্যপ্রযুক্তি-বিষয়ক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।—সরাফ আহমেদ, হ্যানোভার, জার্মানি থেকে