শুরু হয়েছে এ বছরের বব্স প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মান বেতার সংস্থা ডয়চে ভেলের ব্লগভিত্তিক প্রতিযোগিতা ‘দ্য বেস্ট অব ব্লগস (বব্স)’-এর দশম আয়োজন শুরু হয়েছে। প্রতিযোগিতা হবে বাংলাসহ বিশ্বের ১৪টি ভাষায় লেখা ব্লগ নিয়ে।
বব্স সম্পর্কে ডয়চে ভেলের মহাপরিচালক পেটার লিমবুর্গ বলেন, ‘দ্য বব্স আমাদের সেই সব সাহসী মানুষের কথা স্মরণ করিয়ে দেয়, যাঁরা ডিজিটাল মাধ্যমে গণতন্ত্রীকরণের প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে চান। আজ যখন বিশ্বের বহু দেশে গণতন্ত্র এবং স্বাধীন ও নিরপেক্ষ তথ্য পাওয়ার অধিকার নিয়ে সংগ্রাম চলছে, তখন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
ইন্টারনেট ব্যবহারকারীরা এখন থেকে আগামী চার সপ্তাহ www.thebobs.com/bengali ঠিকানায় প্রতিযোগিতার জন্য তাঁদের মনোনয়ন জমা দিতে পারবেন। যে ১৪টি ভাষার ব্লগ, খুদে ব্লগ, ওয়েবসাইট, ফেসবুক পাতা, ইউটিউব চ্যানেল, পডকাস্ট বা অন্য কোনো অনলাইন প্রকল্প জমা দেওয়া যাবে, সেগুলো হচ্ছে: আরবি, বাংলা, চীনা, জার্মান, ইংরেজি, ফরাসি, হিন্দি, ইন্দোনেশীয়, ফারসি, পর্তুগিজ, রুশ, স্প্যানিশ, তুর্কি ও ইউক্রেনীয়। আন্তর্জাতিক বিচারকমণ্ডলীর সদস্যদের মধ্যে আলোচনা এবং অনলাইন ভোটাভুটির ভিত্তিতে দ্য বব্স বিজয়ীদের নির্বাচন করা হয়। ১৫ সদস্যের বিচারকমণ্ডলী ভাষা-নিরপেক্ষ ছয়টি আন্তর্জাতিক বিভাগে ‘জুরি অ্যাওয়ার্ড’ বিজয়ী নির্বাচন করবেন। ভাষাভিত্তিক বিভাগগুলোতে ‘পিপলস চয়েস অ্যাওয়ার্ড’ বিজয়ী নির্ধারিত হবে অনলাইন ভোটের ভিত্তিতে।
প্রসঙ্গত, বাংলা ভাষার পক্ষে এখন পর্যন্ত আলী মাহমেদের ব্লগ, আবু সুফিয়ানের ব্লগ এবং তথ্য কল্যাণী প্রকল্প জুরি অ্যাওয়ার্ড পেয়েছে।
এ প্রতিযোগিতার অংশীদার হিসেবে বাংলাদেশ থেকে রয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এবং সামহয়্যার ইন ব্লগ। —বিজ্ঞপ্তি