শুরু হয়েছে এলিফ্যান্ট রোডের কম্পিউটার মেলা
বাঙালির মেলার মৌসুম শুরু হয়ে গেছে।এই শীতকালে ঢাকাতেও দেখা যায় বেশ কিছু কম্পিউটার মেলা।আগামী কয়েকদিনের মধ্যেই ঢাকায় হয়ে যাবে ন্যূনতম তিনটি বড় আকারের প্রযুক্তি মেলা।প্রযুক্তি মেলার চলতি মৌসুম শুরু হলো এলিফ্যান্ট রোডের কম্পিউটার মেলা দিয়ে। গতকাল বুধবার নয় দিনের এ মেলা শুরু হয়েছে মাল্টিপ্লান সেন্টারে।‘ডিজিটাল আইসিটি ফেয়ার ২০১০’ নামের এ মেলার উদ্বোধন করেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান। তিনি বলেন, ‘শিগগিরই ই-গভর্নেন্স বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিদিনই আমরা তথ্যপ্রযুক্তিতে এগিয়ে যাচ্ছি।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা জামিলুর রেজা চৌধুরী বলেন, ই-গভর্নেন্স প্রতিষ্ঠার জন্য সরকার কাজ করে যাচ্ছে। এর মধ্যে সরকার তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে অনেক সাফল্য অর্জন করেছে। তিনি বলেন, ২০১১ সালে ডিজিটাল সই চালু হলে দেশ তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে আরও এগিয়ে যাবে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থার (বিটিআরসি) চেয়ারম্যান জিয়া আহমেদ বলেন, সুখী-সুন্দর দেশ গড়ে তোলার জন্য সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে তথ্যপ্রযুক্তি। ভিওআইপি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া, ইন্টারনেটের মূল্য কমানো, তৃতীয় প্রজন্মের (থ্রিজি) মোবাইল নেটওয়ার্ক চালু করাসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য দেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান আফতাব-উল-ইসলাম, সাবেক সাংসদ মোস্তফা মহসীন, বাংলাদেশ দোকান মালিক সমিতির চেয়ারম্যান আমির হোসেন খান, বাংলাদেশ কম্পিউটার সমিতির মহাসচিব মজিবুর রহমানসহ অনেকে। উদ্বোধনের পরই দর্শনার্থীদের জন্য মেলা খুলে দেওয়া হয়। প্রথম দিনই জমজমাট ছিল মেলা। মেলায় ঘুরতে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফজলে রাব্বি বলেন, নতুন প্রযুক্তিপণ্যের সঙ্গে পরিচিত হওয়ার জন্য মেলায় আসা। তিনি বলেন, ‘মেলায় পণ্যের দাম তুলনামূলক অন্য সময়ের চেয়ে কিছুটা কম থাকে। তাই পছন্দ হলে একটি কম্পিউটার কিনব।’ মেলায় ৪০০টির বেশি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মেলার বিশেষ আয়োজনের মধ্যে থাকছে তথ্যপ্রযুক্তি নিয়ে বিভিন্ন সেমিনার, বিতর্ক, শিশুদের চিত্রাঙ্কন, আইসিটি কুইজ প্রতিযোগিতা ও রক্তদান কর্মসূচি। মেলায় দর্শনার্থীরা বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহার করার সুযোগ পাবেন। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে। মেলায় প্রবেশমূল্য ১০ টাকা, তবে শিক্ষার্থীরা বিনা মূল্যে প্রবেশ করতে পারবেন। মেলার প্রধান পৃষ্ঠপোষক কিউবি।অন্য পৃষ্ঠপোষক হলো স্যামসাং ও তোশিবা। — তারিকুর রহমান খান