শুরু হয়েছে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা

ভবিষ্যতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) হবে উন্নয়নের প্রধান হাতিয়ার। এ জন্য দরকার বিশ্বমানের কম্পিউটার প্রোগ্রামার। তাই গণিত, বিজ্ঞান ও ইংরেজি ভাষার মতো ছোটবেলা থেকেই কম্পিউটার প্রোগ্রামিংয়ে নিজেকে দক্ষ করে তুলতে হবে। যশোর, খুলনা ও রাজশাহী অঞ্চলে অনুষ্ঠিত জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার আঞ্চলিক পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের এই আহ্বান জানানো হয়। ৯, ১০ ও ১২ মার্চ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত কুইজ ও প্রোগ্রামিং প্রতিযোগিতায় প্রায় তিন হাজার শিক্ষার্থী অংশ নিয়েছেন।
এই আঞ্চলিক প্রতিযোগিতাগুলোয় বিভিন্ন সময়ে উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আবদুস সাত্তার, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আলমগীর, কম্পিউটার বিজ্ঞান বিভাগের অধ্যাপক এম এম এ হাশেম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য চৌধুরী সারওয়াত জাহান, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রফিকুল আলম বেগ, আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) বনমালী ভৌমিকসহ অনেকে। প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা আইসিটি কুইজ ও প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশ নিয়েছে। এর মধ্যে যশোর, খুলনা ও রাজশাহী অঞ্চলের বিজয়ী মোট ২০৩ জন শিক্ষার্থী জাতীয় পর্যায়ের জন্য নির্বাচিত হয়েছে।
পাবনা ও দিনাজপুরে আঞ্চলিক পর্ব
প্রায় দুই হাজার শিক্ষার্থীর আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে শেষ হলো পাবনা ও দিনাজপুরের জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব। গতকাল সোমবার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাক্রমে পাবনা ও দিনাজপুর অঞ্চলের এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সকালে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আল-নকীব চৌধুরী ও হাজী মোহাম্মদ দানেশ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ আবুল কাসেম নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন।
আরও উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ দানেশ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. রুহুল আমিন, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) অনুষদের ডিন আবদুল্লাহ আল মামুন এবং পাবিপ্রবির সিএসই বিভাগের চেয়ারম্যান মো. কিসলু নোমান। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা দুটি বিভাগে প্রোগ্রামিং প্রতিযোগিতায় এবং তিনটি বিভাগে আইসিটি কুইজ প্রতিযোগিতায় অংশ নেয়। দিনাজপুরে ৭০ জন ও পাবনায় ৫৪ জন শিক্ষার্থীকে জাতীয় পর্যায়ের জন্য বিজয়ী ঘোষণা করা হয়।
দেশের হাইস্কুলের শিক্ষার্থীদের মধ্যে কম্পিউটার প্রোগ্রামিংকে জনপ্রিয় ও তাদের দক্ষতা বাড়ানোর জন্য সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ তৃতীয়বারের মতো জাতীয় হাইস্কুল আইসিটি কুইজ ও প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজন করেছে। ১৬টি আঞ্চলিক ও ৩টি উপজেলা পর্যায়ের বিজয়ীরা ঢাকায় জাতীয় পর্যায়ে অংশ নেবে। এরপর ধারাবাহিক নির্বাচনের মাধ্যমে ইরানের তেহরানে অনুষ্ঠেয় আন্তর্জাতিক ইনফরমেটিকস অলিম্পিয়াডের জন্য বাংলাদেশের সদস্যদের নির্বাচন করা হবে। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) প্রতিযোগিতার বাস্তবায়ন সহযোগী হিসেবে এবং কোড মার্শাল জাজিং প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হচ্ছে। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগ স্থানীয় আয়োজক হিসেবে সম্পৃক্ত রয়েছে।
বিজ্ঞপ্তি