শুরু হয়েছে রোবটের বিশ্বকাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫ জুলাই থেকে শুরু হয়ে গেল আরেক বিশ্বকাপ। এই বিশ্বকাপের নাম ‘রোবোকাপ’! রোবটদের ফুটবল বিশ্বকাপ। প্রতিবছরের মতো এ আয়োজন এবার বসেছে তুরস্কের ইস্তাম্বুল শহরে। এবারই প্রথম রোবোকাপে পূর্ণাঙ্গ দল নিয়ে মাঠে নামছে যুক্তরাজ্য।১৯৯৭ সালের কথা। সেবার রাশিয়ার গ্র্যান্ড মাস্টার খেতাবধারী দাবাড়ু গ্যারি ক্যাসপারভ একটা প্রতিযোগিতায় হেরে গেলেন। ঝানু এই দাবাড়ুর বিপক্ষে ছিল একটি সুপার কম্পিউটার—আইবিএমের ডিপ ব্লু! সেখান থেকেই শুরু হলো নতুন অধ্যায়। ফুটবল মাঠেও নেমে গেল রোবট ফুটবলাররা। সে সঙ্গে শুরু হলো রোবোকাপ।এবারের আসরে থাকছে নতুন বেশ কিছু চমক। রোবোকাপের আয়োজক সেটিন মেরিসলি জানান, এবারের আসরের রোবটগুলো আরও উন্নতমানের। এরা নিজেরাই নিজেদের বেশ ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারবে।দুনিয়ার সর্ববৃহৎ রোবটদের এই মিলনমেলায় এবার আগের চেয়ে বেশি দল অংশ নিয়েছে। নতুন প্রযুক্তির ছোঁয়া লাগা এবারের ফুটবলার রোবটগুলো হবে আরও ঝানু। সামনের বাধা-বিপত্তি এড়ানোর ক্ষমতা থাকছে এদের। থাকছে একে অন্যের সঙ্গে সংঘর্ষ এড়ানোর মতো বিবেচনা বোধ; এবং একসঙ্গে কাজ করার মতো মানবিক গুণাবলিরও সমন্বয় করা হয়েছে এই যন্ত্রমানবদের মধ্যে। মাঠও হবে আগের যেকোনো বারের চেয়ে বড়।আয়োজকেরা দারুণ আশাবাদী রোবোকাপ নিয়ে। তাঁরা বলছেন, রোবটদের এই কারিকুরি মানুষকে মুগ্ধ করবে। এমন একসময় আসবে, যেদিন প্রতিটি ঘরে ঘরে রোবট হবে অত্যাবশ্যক সদস্য। তবে সবচেয়ে আশাবাদী যুক্তরাজ্যের স্কুল অব ইনফরমেটিক্সের অধ্যাপক সুব্রামানিয়ান রামামোরথি। তিনি বললেন, ‘আমরা এমন একটা দল গঠন করব, যেটা ২০৫০ সালে ফিফা বিশ্বকাপ ফুটবলজয়ীদেরও হারিয়ে দেবে। আর এতে কোনো সন্দেহ নেই।’ —বিবিসি অবলম্বনে মাহফুজ রহমান