শুরু হয়েছে শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তির লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিডনি সম্মেলন ও প্রদর্শনী কেন্দ্রে গতকাল শনিবার দেখা গেল সারা দুনিয়া থেকে আসা তরুণদের সাজ সাজ রব। কেননা, তথ্যপ্রযুক্তির উদ্ভাবনী প্রতিযোগিতা ইমাজিন কাপ-২০১২-এর মূল প্রতিযোগিতা আর প্রদর্শনী শুরু হয়েছে কাল থেকেই। নানা রকম সফটওয়্যার, গেম আর তথ্যপ্রযুক্তির যন্ত্র নিয়ে ব্যস্ত তাঁরা সারা দিন। এক দিকে চলছে দলগুলোর প্রকল্প প্রদর্শনী। অন্য দিকে গতকালই হয়ে গেছে সফটওয়্যার ডিজাইন এবং গেম ডিজাইন প্রতিযোগিতার প্রদর্শনী। প্রতিযোগিতা করছেন ৭৫টি দেশ থেকে আসা বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা। আয়োজক মাইক্রোসফট করপোরেশনের তথ্য অনুযায়ী, এবারের দশম ইমাজিন কাপের চূড়ান্ত পর্বে প্রতিযোগীদের মধ্যে ২০ শতাংশ নারী। এটাকেও একটা সফলতা হিসেবে দেখা হচ্ছে। চূড়ান্ত পর্বের প্রথম পর্যায়টি গতকাল অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি দল বিচারকদের সামনে প্রায় ৪০ মিনিট ধরে তাদের প্রকল্প উপস্থাপন করেছে এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছে। সফটওয়্যার ডিজাইন বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করছে ৭২টি দল। এক্সবক্স আর উইন্ডোজের জন্য গেম ডিজাইনে ১০টি এবং উইন্ডোজ মোবাইল ফোনের জন্য গেম ডিজাইনে অংশ নিচ্ছে ১০টি দল। সফটওয়্যার ডিজাইনে সেরা ২০টি দল দ্বিতীয় পর্যায়ে যাবে। সে প্রতিযোগিতা হবে আজ। তারপর ছয়টি দল যাবে চূড়ান্ত ফাইনালে। কৃষিভিত্তিক সফটওয়্যার অন্নপূর্ণা নিয়ে বাংলাদেশের ইঞ্জিন দল ইমাজিন কাপে অংশ নিচ্ছে। গতকাল সন্ধ্যায় বিচারকদের সামনে দলের সদস্য খালিদ মাহমুদ, মাহেনাজ চৌধুরী, আইমান কাদির সিদ্দিকী ও জুনায়েদ হাসান অন্নপূর্ণার বিভিন্ন দিক তুলে ধরেন। সঙ্গে ছিলেন মেন্টর ইমরোজ মোরসালিন। মাটি ও ভৌগোলিক অঞ্চল বুঝে সঠিক বীজ নির্বাচন এবং সারের সঠিক ব্যবহারের মাধ্যমে খাদ্যের ফলন বাড়াতে চান দলের সদস্যরা। সারের অনিয়ন্ত্রিত ও ভুল প্রয়োগে যে ক্যানসারের আশঙ্কা আছে, সেটাও তাঁরা দূর করতে চান। মাটি অনুযায়ী বীজ ও সার নির্বাচন করার কাজটি করবে অন্নপূর্ণা নামের সফটওয়্যারটি। এটি মোবাইল ফোন এবং ওয়েবভিত্তিক সফটওয়্যার। তবে সাধারণ এসএমএসের মাধ্যমেই এ সফটওয়্যার দিয়ে পরামর্শ পাওয়া যাবে। বিচারকদের রায়ের বাইরেও এ প্রতিযোগিতায় ইন্টারনেট ব্যবহারকারীদের ভোটে পুরস্কার জেতার সুযোগ রয়েছে। ভোটে গতকাল পর্যন্ত ৫ নম্বরে আছে অন্নপূর্ণা। আগামীকাল ৯ জুলাই পর্যন্ত অন্নপূর্ণাকে ভোট দেওয়া যাবে। ভোট দিতে হবে http://savehumanity.tk ঠিকানার ওয়েবসাইট থেকে। ইমাজিন কাপের ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হবে ১০ জুলাই। —পল্লব মোহাইমেন, সিডনি (অস্ট্রেলিয়া) থেকে