শুরু হয়েছে স্পুটনিক উৎসব ২০১৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ধানমন্ডির রুশ সাংস্কৃতিক কেন্দ্রে গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে স্পুটনিক ফেস্ট-২০১৬। এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এর বিস্তারিত তথ্য জানানো হয়। প্রায় তিন মাস ধরে চলবে এই স্পুটনিক ফেস্ট। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিকাল অ্যাসোসিয়েশন ও রুশ দূতাবাসের সংস্কৃতি বিভাগ যৌথভাবে এর আয়োজন করেছে।
১৯৫৭ সালের ৪ অক্টোবর তৎকালীন সোভিয়েত ইউনিয়ন মহাশূন্যে প্রথমবারের মতো স্পুটনিক-১ নামের কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করেছিল। সেই ঘটনার ৫৯তম বার্ষিকী উপলক্ষে এই উৎসবের আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্রের পরিচালক আলেকজান্ডার পি. দিওমিন বলেন, এ ধরনের আয়োজন বাংলাদেশের তরুণ প্রজন্মকে বিজ্ঞানের মৌলিক বিষয়গুলো নিয়ে পড়তে ও গবেষণা করতে উৎসাহ জোগাবে। রুশ বিজ্ঞান ও সংস্কৃতিকেন্দ্র এমন যেকোনো উদ্যোগের পাশে থাকবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।
এই মেলায় আলোকচিত্র প্রদর্শনী, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রকেটের মডেল বানানোর প্রতিযোগিতা ও বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে। স্পুটনিক-১-এর বিষয়ে বিভিন্ন আলোকচিত্রের প্রদর্শনী এরই মধ্যে শুরু হয়ে গেছে। ৬ থেকে ২০ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা অবধি চলবে এই প্রদর্শনী।
২০ অক্টোবর বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত হবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। বিষয় হলো ‘স্পুটনিক-১’ ও ‘মহাশূন্যে মানুষ’। ২২ ডিসেম্বর হবে মডেল রকেট বানানোর প্রতিযোগিতা। ওই দিন বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে।
এ ছাড়া অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসজুড়ে চলবে জ্যোতির্বিজ্ঞান কর্মশালা। মোট ১০টি কর্মশালা হবে বলে জানান আয়োজকেরা। এসব কর্মশালায় বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে। অংশগ্রহণকারীদের সনদ দেওয়া হবে। এতে অংশ নিতে নির্দিষ্ট ফির বিনিময়ে নিবন্ধন করতে হবে। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিকাল অ্যাসোসিয়েশন, শাহবাগের আজিজ সুপার মার্কেটে বইয়ের দোকান ‘অভীক’ ও কলাবাগান ক্রীড়াচক্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে নিবন্ধন করা যাবে।
সংবাদ সম্মেলনে রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্রের পরিচালক আলেকজান্ডার পি. দিওমিন ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাস্ট্রোনমিকাল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মশহুরুল আমিন ও অ্যাসোসিয়েশনের সদস্য সুকল্যাণ বাছাড়।
নিজস্ব প্রতিবেদক