শুরু হয়েছেএনএসইউয়ের প্রযুক্তি মেলা
ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (এনএসইউ) প্রাঙ্গণে গতকাল রোববার থেকে শুরু হয়েছে তথ্যপ্রযুক্তি মেলা ‘আইটি এক্সপো ২০১১’। এতে অংশ নিচ্ছে বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান। মেলায় অধিকাংশ প্রযুক্তিপণ্যে ছাড় রয়েছে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান টেলিফোন শিল্প সংস্থার ‘দোয়েল’ ল্যাপটপ মেলায় পাওয়া যাচ্ছে। দোয়েলের ২১০২, ০৭০৩, ২৬০৩ ও ১৬১২ মডেলের ল্যাপটপ পাওয়া যাচ্ছে যথাক্রমে ১০ হাজার, ১৩ হাজার ৫০০, ২০ হাজার ৫০০ ও ২৬ হাজার ৫০০ টাকায়। মেলায় আসা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইফফাত তাসনীম একটি দোয়েল ল্যাপটপ কিনেছেন। তিনি বলেন, ‘দোয়েল ল্যাপটপের কথা অনেক শুনেছি। দেশি প্রতিষ্ঠানের ল্যাপটপ কিনতে পেরে খুব ভালো লাগছে।’ এ ছাড়া মেলায় ক্যাস্পারস্কি মোবাইল অ্যান্টি ভাইরাসের ক্ষেত্রে মিলছে ১০ শতাংশ ছাড়। এইচপির ‘অল ইন ওয়ান’ কম্পিউটার বিশেষ ছাড়ে বিক্রি হচ্ছে। অ্যাপলের পণ্য পাওয়া যাচ্ছে অ্যালোহা আইশপের স্টলে।এনএসইউ কম্পিউটার ক্লাবের আয়োজনে ‘সাইবার অ্যাথলেটিক’ নামে গেমস প্রতিযোগিতায় গেমাররা ফিফা ২০১১, নিড ফর স্পিড, মোস্ট ওয়ান্টেড, ডিফেন্স অফ দি এনিসিয়েন্ট ও কাউন্টার স্ট্রাইক সোর্স গেমে অংশ নিয়েছেন একক ও দলগতভাবে। এই গেমিং প্রতিযোগিতা মেলার শেষ দিন পর্যন্ত চলবে। মেলায় প্রতিদিনই আছে বিষয়ভিত্তিক বিভিন্ন সেমিনার। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক (জনসংযোগ) বেলাল আহমেদ জানালেন, সবার জন্য উন্মুক্ত এ প্রযুক্তি মেলা চলবে আগামীকাল ২৯ নভেম্বর পর্যন্ত।—ফয়সালহাসান