শেখার জন্যে মাঠে-ঘাটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাঠ জরিপের কাজ করছেন ঢাকা কলেজের শিক্ষার্থীদের একটি দল
মাঠ জরিপের কাজ করছেন ঢাকা কলেজের শিক্ষার্থীদের একটি দল

সকাল ১০টার ক্লাসে রোজ দেরি হয়ে যায় ফাহাদ হোসেনের। কিন্তু ১৭ জানুয়ারি সে-ই চলে এসেছে সকাল সাতটায়। ঢাকা কলেজের ক্যাম্পাস তখনো কুয়াশার কাপড়ে ঢাকা। ঘড়ির কাঁটা আটটা ছোঁয়ার আগেই এই সংখ্যা ৭০-এ পৌঁছাল। তাই নির্ধারিত সময়ে গাড়ি ছাড়তে সমস্যা হলো না। সকাল সাড়ে আটটায় ভূগোল ও পরিবেশ বিভাগের চারজন শিক্ষকসহ ৭০ জন শিক্ষার্থীর এই দলটি যাত্রা শুরু করে গাজীপুরের পথে। শিক্ষার্থীদের শেষ বর্ষের ব্যবহারিক কাজের অংশ হিসেবে এই যাত্রা গাজীপুরের দক্ষিণখানে। ওই অঞ্চলের ভূমির মানচিত্র দেখে জায়গাগুলো শনাক্ত করাই ছিল শিক্ষার্থীদের মূল কাজ। সঙ্গে সেখানে বসবাসরত মানুষের আর্থসামাজিক অবস্থা তুলে আনা। বইয়ের পাতার বাইরে সরাসরি মাঠে এসে কাজ করা ছিল প্রতিটি শিক্ষার্থীর জন্য নতুন কিছু আবিষ্কারের মতোই রোমাঞ্চকর।

কাজের ফাঁকেই কথা হলো তেমন কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে। রাশেদুল হাসান জানান, ‘মানচিত্র দেখে সেই জায়গাগুলো খুঁজে বের করা অনেক চ্যালেঞ্জিং। কারণ, আমাদের সরবরাহকৃত মানচিত্রটি ১৯৭৫ সালের। মানচিত্রে যে প্লটগুলো আছে, এখন সেখানকার অনেক প্লটে আরও খণ্ড হয়ে গেছে। তাই খুঁজে পাওয়ার পর মজা লাগছে।’

রাশেদের মতো একই অভিজ্ঞতা জাহাঙ্গীর আলম, জিয়া খালিদ ও জুয়েলের। আবু জাফর সালেহিনের মতে, ‘ভূগোলের শিক্ষার্থীদের কাজ তো মানচিত্র নিয়েই। তবে শ্রেণীকক্ষের বাইরে এসে সরাসরি মাঠে-ঘাটে চষে বেড়ানোয় ভিন্ন রকমই লাগছে।’

সকাল থেকে বিকেল পর্যন্ত খাবার পর্ব শেষে সবাই বারবার ফিরে গেল মাঠের কাজে। পেনসিল কামড়ে একমনে মানচিত্র শনাক্ত করছে ফয়সাল ও কৈলাস। টুকে নিচ্ছে প্রয়োজনীয় সব তথ্য। বসতবাড়ি, বৃক্ষ, ফসলি জমি, পুকুর, ঝোপঝাড় বা পতিত জমি—সবই লিখে নিতে হচ্ছে সংকেতে। এটা লিখে কী হবে জানতে চাইলে অনেকটা জ্ঞানীর মতোই এগিয়ে এল মুহাইমিনুল কবীর। নোটপত্র গুছিয়ে নিতে নিতেই বলল, ‘এই তথ্য সংগ্রহের পরের কাজটি হবে আমাদের কলেজের ল্যাবে। সেখানে বসে আবার নতুন মানচিত্র তৈরি করব আমরা। যেখানে ফুটে উঠবে এই অঞ্চলের বর্তমান অবস্থা।’

এই কাজের ফাঁকে ফাঁকেই শিক্ষার্থীরা নিজেদের হাতের একটি করে ফরম পূরণ করে নিল গ্রামে বসবাসরত লোকজনের সঙ্গে কথা বলে। ব্যবহারিকের তত্ত্বাবধানে থাকা শিক্ষকদের একজন বাহাদুর হোসেন ভুঁইয়া জানান, ‘শিক্ষার্থীদের এই কাজের ফলে তারা এখন এই এলাকার একটি নতুন মানচিত্র তৈরি করতে পারবে, যেখানে এই অঞ্চলের একটি বর্তমান চিত্র পরিষ্কার হবে অন্যদের কাছে। পাশাপাশি সেখানে ভূমির সব ধরনের তথ্য সরবরাহ করতে পারবে শিক্ষার্থীরা।’