
রাজশাহী মহিলা কলেজের গেট খুলতেই স্বাগত জানায় কৃষ্ণচূড়া। পাশেই দেবদারুর সারি। এ সব গাছের গায়ে ঝোলানো রয়েছে এদের বৈজ্ঞানিক নাম। কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী তৌহিদা খাতুন জানান, শুধু দেবদারু আর কৃষ্ণচূড়াই নয়, সব গাছেরই তো বৈজ্ঞানিক নাম গাছের গায়েই ঝোলানো রয়েছে। চলতে ফিরতে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের গাছের বৈজ্ঞানিক নাম মুখস্থ হয়ে যায়। দেখে মনে হয়, সত্যিই শিক্ষাপ্রতিষ্ঠান এমনই হওয়া উচিত, যার সবকিছু থেকেই শিক্ষা নেওয়ার আছে।
শিক্ষার্থী হোসনে আরা জানান, একটু খেয়াল করলেই ক্যাম্পাসে হুতুম পেঁচা, পানকৌড়ি, মাছরাঙা, কাঠঠোকরাসহ নানা জাতের পাখি দেখা যায়। পাখির ডাকেই সকালে ছাত্রীনিবাসের ছাত্রীদের ঘুম ভাঙে।
তৌহিদা বলেন, ‘এই কলেজের সৌন্দর্যের জন্য দেয়ালঘেরা, কড়া নিয়ম-কানুন আর অনুশাসনে থেকেও এই শিক্ষাপ্রতিষ্ঠানটি আমাদের বিনোদনকেন্দ্রের তৃষ্ণা মেটায়। এখানে গাছের সঙ্গে কথা বলেই সময় কাটানো যায়। চেনা-অচেনা কত প্রজাতির গাছ আছে, হিসাব করা যাবে না। আর সকালে উঠে কলেজের সুবর্ণজয়ন্তী চত্বরে এলেই মন ভালো হয়ে যায়। প্রতিদিন সকালে এখানে লাল শাপলা ফোটে।’
উচ্চমাধ্যমিক শ্রেণীর বাণিজ্য বিভাগের শিক্ষার্থী হোসনে আরা বলেন, ‘আমি মেয়ে হিসেবে বলব, এই কলেজ ক্যাম্পাসটি আমাদের জন্য নিরাপদ। এই কলেজের ছাত্রীনিবাসে যে মেয়েরা থাকে, তাদের মা-বাবার নিরাপত্তা নিয়ে দুর্ভাবনা থাকে না।’ হোসনে আরার কথা কেড়ে বলতে শুরু করেন রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় বর্ষের শিক্ষার্থী ডেইজি আরা, ‘এখানে আমাদের লেখাপাড়ার পাশাপাশি অনেক বিনোদনমূলক আয়োজন রয়েছে। ক্যাম্পাসের ভেতরে নিজেদের আলাদা একটা জগৎ আছে। প্রতি সোমবার আমরা স্কাউট প্রোগ্রাম করি। প্রোগ্রাম শেষে থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান। আমাদের খেলার মাঠ আছে। আমরা খেলাধুলা করি।’
এখানে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। কলেজের একজন ছাত্রী জাতীয় পর্যায়ে রবীন্দ্রসংগীত প্রতিযোগিতায় কিশোর গ্রুপে দ্বিতীয় হয়েছে। বাংলাদেশ গেমসে কুস্তিতে একজন মেয়ে দ্বিতীয় ও কারাতে প্রতিযোগিতায় অন্য একজন তৃতীয় স্থান অধিকার করেছে।
বিএনসিসির ক্যাপসুল প্রশিক্ষণে রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ উত্তরাঞ্চলে সরকারি-বেসরকারি ১৬টি কলেজের মধ্যে রাজশাহী মহিলা কলেজ বেস্ট অ্যাওয়ার্ড পেয়েছে। কলেজের অধ্যক্ষ আবদুল মান্নান এবার শিক্ষায় অবদান রাখার জন্য ফয়জুন্নেসা স্বর্ণপদক পেয়েছেন। ফলাফলের দিক থেকে রাজশাহী মহিলা কলেজ বোর্ডের সেরা ২০টি প্রতিষ্ঠানের মধ্যে থাকে।