শেখায়-দেখায় উৎসব
উৎসবের ভেন্যু শিক্ষার্থীতে টইটম্বুর; যাকে বলে উপচে পড়া ভিড়!রায়হান এসেছে তার স্কুলের বন্ধুদের সঙ্গে। পঞ্চম শ্রেণীপড়ুয়া রায়হানের বন্ধুরা সবাই গিয়ে শামিয়ানার নিচে চেয়ারে বসেছে। রায়হান দাঁড়িয়ে আছে লাইনে। অপেক্ষা হ্যাপিনেস মেশিনের মুখোমুখি হওয়ার। একসময় অপেক্ষার পালা শেষ হলো তার। অভিনন্দন জানাল তাকে হ্যাপিনেস মেশিন। পাল্টা অভিনন্দন জানাল রায়হান। এবার তার জন্য প্রশ্ন ছুড়ে দিল হ্যাপিনেস মেশিনের মুখোশে থাকা কম্পিউটার। সঙ্গে সঙ্গে উত্তর দিল রায়হান। উত্তর সঠিক হওয়ায় মেশিনের ভেতর থেকে ধপাস করে তার সামনে এসে পড়ল একটি লম্বা স্কেল। সেটি নিয়েই রায়হান হাসতে হাসতে বেরিয়ে এল। তার এই কাণ্ড দেখে বাকি বন্ধুরাও এসে মেশিনের সামনের লাইনে দাঁড়াল। রোদ্দুরে ঘেমে নেয়ে একাকার, তবু তাদের লাইন ছাড়ার কোনো সম্ভাবনা না পেয়ে এগিয়ে গেলাম অন্য দিকে।এমন চিত্র ছিল ৬ অক্টোবর সরিষাবাড়ী আর ডি এম পাইলট উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত ইন্টারনেট উৎসবের। আর এই উৎসবকে রাঙিয়ে তুলতে সেখানে যোগ দেয় আশপাশের আরও ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক শ শিক্ষার্থী। পৃথিবীর পাঠশালায় দীক্ষা নিতেই তাদের আমন্ত্রণ জানানো হয় উৎসবে। তাই তো সারা দিন শিক্ষার্থীদের এক স্টল থেকে আরেক স্টলে হন্যে হয়ে ঘোরাঘুরিও ক্লান্তি আনতে পারেনি শরীরে। সরিষাবাড়ী পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের সাবিহা আরাফ তাদেরই একজন। তার মতে, ‘এমন উৎসবে আবার ক্লান্তি কেন! ইন্টারনেট আমাদের চোখ খুলে দিচ্ছে। মোবাইল ফোন দিয়েও যে এত কাজ করা যায়, তা জানতাম না। আমার হাতের মুঠোয় এখন সারা বিশ্ব। আজ থেকেই আমি সেই বিশ্বে প্রবেশ করলাম।’উৎসবের মূল প্রতিযোগিতা হয় বাছাই করা ৫০ জন প্রতিযোগীকে নিয়ে। কিন্তু বাকি প্রতিযোগীরাও ছিল প্রতিযোগিতার মধ্যেই। মূল পর্ব শুরুর আগে সঞ্চালক পল্লব মোহাইমেন শিক্ষার্থীদের সাধারণ জ্ঞানের নানান প্রশ্ন করেন, যেগুলোর উত্তর দিয়ে মঞ্চে আরেক খেলায় অংশ নেয় এসব শিক্ষার্থী। পুরস্কারও পায় অনেকে। মূল প্রতিযোগিতায় মঞ্চে লড়ছে প্রতিযোগীরা আর মাঠে লড়ছে তাদের প্রতিষ্ঠানের বাকি শিক্ষার্থীরা। শিক্ষক-শিক্ষার্থী একসঙ্গে নিজেদের প্রতিযোগীকে উৎসাহ আর সাহস জোগাতে থাকে। আর হাততালি তো আছেই। ফাইনালে লড়াইটা জমে ওঠে বেশ। টানটান উত্তেজনা নিয়ে আই-জিনিয়াস নির্বাচিত হয় যমুনা সার কারখানা উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী রাফি মো. নাঈম। তার বিজয়ে বন্ধুরাও কম যায় না। আই-জিনিয়াসকে কাঁধে তুলে নিয়ে বিজয়মিছিল শুরু করে তারা। উৎসবে আসা পিংনা উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের আয়েশা আক্তার বলে, ‘উৎসবে মজার মজার গেম খেললাম। এমন উৎসব প্রতিদিন হলে ভালো হতো।’