শেরপুরে ইমাম বাতায়নের প্রশিক্ষণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের শ্রীবরদী উপজেলায় মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের জন্য ‘ইমাম বাতায়ন ব্যবহার’বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার সিঙ্গাবরুণা ইউনিয়নের টেঙ্গরপাড়া উচ্চবিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন শ্রীবরদীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালেদা নাছরিন। অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচির সহযোগিতায় উপজেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে খালেদা নাছরিন বলেন, ইমাম বাতায়ন ব্যবহার করে ইমাম-মুয়াজ্জিনরা ইসলাম ধর্ম সম্পর্কে সঠিক ব্যাখ্যা ও সম্যক জ্ঞান লাভ করবেন এবং সামাজিক জীবনে এর সঠিক প্রয়োগ নিশ্চিত করতে পারবেন। প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম ও মুয়াজ্জিনদের নামে আলাদা ই-মেইল অ্যাকাউন্ট খুলে দেওয়া হবে। এর মাধ্যমে ইমাম ও মুয়াজ্জিনরা ইসলাম ধর্মসম্পর্কিত লেখাও জমা দিতে পারবেন।

অনুষ্ঠানে শ্রীবরদীর সহকারী কমিশনার (ভূমি) সানজিদা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আলম তালুকদার ও টেঙ্গরপাড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু রায়হান উপস্থিত ছিলেন।

শ্রীবরদী উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৪৫০ জন ইমাম মুয়াজ্জিনকে এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ২৩ জুলাই প্রশিক্ষণ শেষ হবে।