শেরপুরে ডিজিটাল মেলা
শেরপুরে চলছে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১৫। তিন দিনের এ মেলা আজ শেষ হবে। রোববার শেরপুর সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন জাতীয় সংসদে সরকারদলীয় হুইপ মো. আতিউর রহমান। শেরপুরের জেলা প্রশাসন এ মেলার আয়োজন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন। বক্তৃতা করেন পুলিশ সুপার মো. মেহেদুল করিম, সদর উপজেলা চেয়ারম্যান মো. ছানুয়ার হোসেন, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আশীষ চন্দ্র কর, সরকারি কৌঁসুলি (পিপি) চন্দন কুমার পালসহ অনেকে।
জেলা প্রশাসক জানান, মেলায় গ্রামীণফোন ও ডাচ্-বাংলা ব্যাংকসহ সরকারি-বেসরকারি পর্যায়ের ২৩টি প্রতিষ্ঠান তাদের ই-সেবা প্রদর্শন করছে। এ ছাড়া মেলা উপলক্ষে স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানভিত্তিক সেমিনার, রচনা, বিতর্ক ও অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সমাপনী দিনে আজ মেলা সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকবে।
—শেরপুর প্রতিনিধি