শেরপুরে ডিজিটাল সেন্টারের প্রতিষ্ঠাবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর জেলার ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোর পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার শোভাযাত্রা, আলোচনা সভা ও উদ্যোক্তাদের অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচির সহযোগিতায় শেরপুর জেলা প্রশাসন এসব অনুষ্ঠানের আয়োজন করে।
সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এসে শেষ হয়। পরে এখানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) অঞ্জন চন্দ্র পাল। বক্তব্য দেন জেলা প্রশাসক এ এম পারভেজ রহিম, এটুআই কর্মসূচির সহকারী পরিচালক মো. জুবায়ের আলম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) মো. এনামুল হক, সহকারী প্রোগ্রামার মো. খায়রুল বাশারসহ অনেকে।
শেরপুর জেলার সদর, নালিতাবাড়ী, নকলা, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার ইউনিয়ন ডিজিটাল সেন্টারের ১০ জন উদ্যোক্তা তাঁদের অভিজ্ঞতা বর্ণনা করেন। এ সময় তাঁরা বলেন, অধিকাংশ সেন্টারের কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টারসহ অন্যান্য যন্ত্রপাতি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এ ছাড়া বিদ্যুৎ সমস্যা ও ইন্টারনেটের ধীরগতির কারণে তাঁরা তৃণমূল পর্যায়ে গ্রামীণ জনগোষ্ঠীকে ডিজিটাল সেন্টারের প্রকৃত সেবা দিতে পারছেন না। অনুষ্ঠানে জেলার ৫২টি ইউনিয়নের ৯০ জন উদ্যোক্তা উপস্থিত ছিলেন।