শেরপুরে শেষ হলো আউটসোর্সিং প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে মাসব্যাপী আউটসোর্সিং ও কম্পিউটার হার্ডওয়্যার এবং ট্রাবলশুটিং বিষয়ে প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়েছে গত রোববার। সদর উপজেলার ভাতশালা এলাকায় অবস্থিত যুব প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত এই সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মল্লিক আনোয়ার হোসেন।
যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. হারুন-অর-রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন যুব প্রশিক্ষণ কেন্দ্রের উপ-সমন্বয়ক মো. সালাহ উদ্দিন, প্রশিক্ষণার্থী ফেরদৌসী আক্তার ও শিক্ষক মোখলেছুর রহমান। পরে জেলা প্রশাসক মল্লিক আনোয়ার হোসেন প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৫০ জন যুবক ও যুব মহিলার হাতে সনদ তুলে দেন।
হারুন-অর-রশীদ প্রথম আলোকে বলেন, শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মাসব্যাপী আউটসোর্সিং প্রশিক্ষণে ডিজিটাল মার্কেটিং, ওয়েবপেজ ও গ্রাফিক ডিজাইন সম্পর্কে ২০ জন যুবককে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। একই সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের টিচার্স কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রকল্পের আওতায় শেরপুর ও জামালপুর জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার ৩০ জন শিক্ষককে তিন দিনের কম্পিউটার হার্ডওয়্যার এবং ট্রাবলশুটিং-বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা অনলাইনে আউটসোর্সিংয়ের মাধ্যমে আয় করতে পারবেন। এতে তাঁদের দক্ষতা উন্নয়ন ছাড়াও আত্মকর্মসংস্থান হবে।