শেরপুরে ৪ অক্টোবর থেকে তথ্যপ্রযুক্তি মেলা
আগামী ৪ থেকে ৬ অক্টোবর শেরপুরে যুব উৎসব ও তথ্যপ্রযুক্তি মেলার আয়োজন করা হয়েছে। শেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে হবে এ মেলা। আয়োজন করছে যুব উৎসব ও আইটি মেলা উদ্যাপন পরিষদ। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেলে উদ্যাপন পরিষদের উদ্যোগে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।সম্মেলনে যুব উৎসব ও তথ্যপ্রযুক্তি মেলার উদ্দেশ্য নিয়ে লিখিত বক্তব্যে মেলা উদ্যাপন পরিষদের প্রধান সমন্বয়ক গোলাম মোহাম্মদ কিবরিয়া বলেন, ‘জাতীয় সংহতি, শান্তি ও পরিবর্তনের জন্যে যুব সমাজের মধ্যে সচেতনতা সৃষ্টি করাই আমাদের লক্ষ্য। এ লক্ষ্যে পৌঁছানোর জন্য তথ্যপ্রযুক্তি হবে আমাদের প্রধান হাতিয়ার।’উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অংশ নেবে। এ ছাড়া অর্ধশতাধিক যুব সংগঠন ও তথ্যপ্রযুক্তি-প্রতিষ্ঠান অংশ নেবে বলে সম্মেলনে জানানো হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেলা উদ্যাপন পরিষদের আহ্বায়ক ফেরদৌস ওয়াহিদ, যুব উৎসব উদ্যাপন পরিষদের আহ্বায়ক মলয় চাকী, সমন্বয়ক রাজিয়া সামাদ, মলয় মোহন বল, শিব শংকর কারুয়া, আনোয়ারুল হাসান প্রমুখ। —শেরপুর প্রতিনিধি