শেরপুরে ৫০ দিনের তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ৫০ দিনের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ক ‘লার্নিং অ্যান্ড আর্নিং’ প্রশিক্ষণ শুরু হয়েছে। শুক্রবার ঝিনাইগাতী মডেল পাইলট উচ্চবিদ্যালয়ে এই প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ জেড এম শরীফ হোসেন। এ সময় তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ায় অবদান রাখতে হলে শিক্ষিত তরুণ-তরুণীদের তথ্যপ্রযুক্তিতে প্রশিক্ষিত করা ছাড়া কোনো বিকল্প নেই। তথ্যপ্রযুক্তি শিল্পের চাহিদা অনুযায়ী এলআইসিটি প্রকল্পের মাধ্যমে এ খাতে ৪৫ হাজার দক্ষ কর্মী গড়ে তোলা হচ্ছে। এর অংশ হিসেবে ‘লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট’ প্রকল্পের আওতায় ঝিনাইগাতীর তরুণ-তরুণীদের জন্য এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।
প্রকল্পের প্রধান মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন ঝিনাইগাতী মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল হামিদ, প্রশিক্ষণ সমন্বয়ক আশিকুর রহমান এবং প্রশিক্ষক খালেদ আব্দুল্লাহ।