শেষ পর্যন্ত অভিনয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্রাট বড়ুয়া
সম্রাট বড়ুয়া

ঘুমের মধ্যে ইচ্ছে করলেই আমরা যেমন স্বপ্ন দেখতে পারি না, তেমনি কারও চাপিয়ে দেওয়া জীবনের লক্ষ্য কখনো নিজের স্বপ্ন হয় না।
খুব ছোটবেলার কথা। খেলনার পোস্টমর্টেম (ভেঙে ফেলে) করে দেখতাম ভেতরে কী আছে, তখন ইচ্ছে ছিল, বড় হয়ে প্রকৌশলী হব। এখন কিছুটা বড় হয়েছি, নিজেকে বুঝতে পারছি, বুঝতে পারছি আমাকে দিয়ে কী হবে, আমার স্বপ্ন কী হওয়া উচিত।
কখনো ইচ্ছা করত, তরুণ উদ্যোক্তা হয়ে সারা পৃথিবীতে আমার মাধ্যমে বাংলাদেশ পরিচিত হোক। লেখালেখি করতে অসাধারণ লাগে, আরও ভালো লাগে যখন আমার লেখা পড়ে মানুষ আনন্দ পায়। লেখক হওয়া আমার স্বপ্নেরই অংশ।
অভিনয়, অভিনেতা, চলচ্চিত্র—এই তিনটি শব্দ সারাক্ষণ আমার চিন্তা-চেতনায় ঘুরপাক খায়। আমার স্বপ্ন যেন বারবার এই তিনটি শব্দের মাঝে এসে ধরা দেয়। কয়েকটি মঞ্চে নাটক করতে গিয়ে বুঝেছি, অভিনয়টা আমার ভেতর থেকেই আসে। নিজেকে বড় একজন অভিনেতা হিসেবে গড়ে তোলার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব, আমাকে অভিনেতা হতেই হবে। বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিকে এমন অবস্থানে নিয়ে যেতে চাই, যখন বাইরের দেশের ফিল্ম ইন্ডাস্ট্রিগুলো বাংলাদেশের চলচ্চিত্রকে তাদের একটা শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে ভাবতে শুরু করবে। একজন সফল অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার পর নিজেই চলচ্চিত্র বানাতে চাই।