
১৭ এপ্রিল ২০১৪। ধানমন্ডির দৃক গ্যালারিতে বাংলাদেশ কার্টুন ফেস্ট ২০১৪-এর শেষ দিন। ভিড়ে ভিড়াক্কার! তার মধ্যে মুখ শুকনো করে বিশালদেহী দুই ভিনদেশিকে ঘুরতে দেখা যাচ্ছিল। কার্টুন প্রদর্শনীতে এমন রামগড়ুরের ছানাদের মতো মুখ করে তাঁরা কেন ঘুরছিলেন, সেটা বোঝা যাচ্ছিল না। কাছে যেতেই জানা গেল, তাঁরা আসলে ঠিক নিচের তলার প্রদর্শনী দেখতে এসেছিলেন। সেখানে খুবই গম্ভীর একটা আলোকচিত্র প্রদর্শনী চলছে। ওপরে হইহল্লা শুনতে পেয়ে এখানে চলে এসেছেন এবং একটু পর পর দুজন দুজনের দিকে তাকিয়ে মাথা নাড়ছেন। বাংলাদেশে আসার আগে তাঁরা নাকি জেনে এসেছিলেন, এ দেশে থাকা আর নরকে থাকা কাছাকাছি একটা ব্যাপার! এখানে গরম, মারামারি, চোর-বাটপার, দুর্নীতি, মশা—সব মিলে একটা যাচ্ছেতাই অবস্থা! কিন্তু সেই বাংলাদেশের মানুষকে এত আমুদে ও সুখী দেখে তাঁরা বিস্মিত। তাঁদের বিস্ময়ের মাত্রা আরও বেড়েছে কার্টুন প্রদর্শনীতে এসে। তাঁরা নাকি একবার দেশে (দেশটার নাম বলা হলো না, তবে খুবই ‘উন্নত’ দেশ) থাকতে শুনেছিলেন যে বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে সুখী দেশগুলোর একটা। কিন্তু তখন সেটা মোটেও বিশ্বাস করেননি। শেষমেশ কার্টুন প্রদর্শনীতে এসে সে কথা তাঁদের বিশ্বাস হয়েছে।
আসলেই তো, বাংলাদেশে যে এত সমস্যা, সেটা তো ওই সময় দৃক গ্যালারির তিনতলায় না গেলে বোঝার উপায় ছিল না! আর ছিল না তিল ধারণের জায়গা। দলবেঁধে তরুণ-তরুণী, কিশোর-কিশোরী আর তাদের মা-বাবারা চলে এসেছিলেন কার্টুন দেখতে। দেশে যে কার্টুনের নীরব বিপ্লব ঘটে গেছে, সেটা এখানে এলেই বোঝা সম্ভব। প্রদর্শনীতে ৪৫ জন কার্টুনিস্টের আঁকা ৮৫টি কার্টুনের সঙ্গে ছিল গ্যালারির ঠিক মাঝখানে লাইভ ক্যারিকেচার পর্ব, তা-ও আবার ফ্রি! রীতিমতো বিরাট লাইন সেখানে। বাংলাদেশের তরুণ কার্টুনিস্টরা সেখানে ঝড়ের বেগে একের পর এক ক্যারিকেচার এঁকে যাচ্ছিলেন। যাঁরটা আঁকা হচ্ছে তাঁর মুখ শক্ত আর পেছনে দাঁড়ানো তাঁর বন্ধুবান্ধব হাসতে হাসতে শেষ!
এবারের উত্সবে কার্টুনের বিষয় ছিল ‘যোগাযোগ যুগে যুগে’। তার ফলে বেশির ভাগ কার্টুনই জমা পড়েছিল আধুনিক কালের ফেসবুক, টুইটার, ই-মেইল ইত্যাদি নিয়ে। আরেক ক্যাটাগরি ছিল বাংলাদেশের বেশ কয়েকজন তারকা ও পরিচিত মুখ নিয়ে করা ব্যঙ্গচিত্রের।
উত্সবের শেষ দিনেও এসেছিলেন কার্টুনিস্ট ও লেখক আহসান হাবীব; সস্ত্রীক। অবশ্য অটোগ্রাফ ও ফটোগ্রাফ দিতে দিতে ‘দূরস্ত্রীক’ হয়ে পড়েছিলেন খানিক বাদেই। নিভৃতচারী শিল্পী ধ্রুব এষ গ্যালারির প্রবেশদ্বারে দাঁড়িয়ে হতবাক হয়ে তাকিয়ে রইলেন বেশ কয়েক মিনিট। শিল্পী মাসুক হেলাল তো অকপটে স্বীকার করলেন, কোনো চিত্র প্রদর্শনীতেও সচরাচর এত ভিড় হয় না। কার্টুনিস্টদের মধ্যে কারা কারা ছিলেন, সেটা না বলে কারা কারা ছিলেন না বললে বরং তালিকাটা ছোট হবে। জাহিদ হাসান, নজরুল ইসলাম, সাদাত, তন্ময়, মেহেদী, খলিল, মানিক-রতন, মিতু, আবু, শিখা, জুনায়েদ, তারিক, বিপ্লব, ষুভ, রাজিব, জাহানারা নার্গিস, আসিফ, মাহির, ফিদা, মিশু, রাকিব—মোট কথা, সব চেনা মুখ।
মেহেদী হক: কার্টুনিস্ট ও বাংলাদেশ কার্টুনিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক