শেষ হচ্ছে ল্যাপটপের মেলা

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক্সপো মেকার আয়োজিত ল্যাপটপ মেলা আজ শনিবার রাত আটটায় শেষ হচ্ছে। গত বৃহস্পতিবার শুরু হয় তিন দিনের এই মেলা। মেলায় বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ ছাড় ও উপহারে বিক্রি হচ্ছে।
মেলার আয়োজক সূত্রে জানা গেছে, এবারের মেলায় মাঝারি দামের ল্যাপটপ বেশি বিক্রি হয়েছে। মেলায় শেষ দিন উপহার ও ছাড় বেশি থাকে বলে ল্যাপটপ বেশি বিক্রি হয়।
মেলায় এসার, আসুস, ডেল, এইচপি, লেনোভো, ওয়ালটন, লাভা, অ্যাভিরা, আই-লাইফ, ইসেট, রাপ্পো, লিনেক্স, রিভসহ বিভিন্ন ব্র্যান্ড অংশ নিয়েছে। ল্যাপটপের পাশাপাশি পাওয়া যাচ্ছে ট্যাবলেট কম্পিউটার, ইন্টারনেট সিকিউরিটি পণ্য ও আনুষঙ্গিক গ্যাজেট।
মেলায় প্রথমবারের মতো অংশ নিয়েছে দেশীয় ল্যাপটপ ব্র্যান্ড ওয়ালটন। চারটি মডেলের ল্যাপটপ নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। এগুলো হলো প্যাশন, টামারিন্ড, কারোন্ডা ও ওয়াক্স জাম্বু। চারটি সিরিজের ল্যাপটপেই ডিসকাউন্ট দিচ্ছে ওয়ালটন। কোর আই ৩ ল্যাপটপগুলোয় ৫ শতাংশ, কোরআই ৫-এ ৭ শতাংশ এবং কোরআই ৭ ল্যাপটপে ৮ শতাংশ মূল্যছাড় দিচ্ছে প্রতিষ্ঠানটি।
ল্যাপটপের সঙ্গে অফার দিচ্ছে ডেল। মূল্যছাড়ের সঙ্গে স্ক্র্যাচ অ্যান্ড উইনে থাকছে বাইসাইকেল, মনিটরসহ আরও বেশ কিছু পুরস্কার জেতার সুযোগ। এ ছাড়া নিশ্চিত উপহার হিসেবে থাকছে গিফট ভাউচার। ডেল সপ্তম প্রজন্মের ল্যাপটপের সঙ্গে নিশ্চিত হিসেবে একটি স্পিকার ও ৫০০ টাকা ছাড় থাকছে।
এসার ল্যাপটপ কিনলে কুপনে লটারি করে দুটি এলইডি টিভি উপহার পাওয়া যাবে।
স্ক্র্যাচ অ্যান্ড উইন অফারে আসুস ল্যাপটপ মেলায় রেফ্রিজারেটর, আসুস জেনফোন, জ্যাকেট টি-শার্ট, পাওয়ার স্ট্রিপ ও অ্যান্টিভাইরাস দিচ্ছে।
ইসেট অ্যান্টিভাইরাস কিনলে নিশ্চিত উপহার হিসেবে থাকছে একটি ল্যাপটপ কুলার অথবা এজ ইন্টারনেট মডেম।
মেলায় টিকিটের দাম ৩০ টাকা।