শেষ হলো অ্যাপের ধারণা উপস্থাপন পর্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এনএসইউতে গতকাল এভাবেই চলে অ্যাপ উপস্থাপন
এনএসইউতে গতকাল এভাবেই চলে অ্যাপ উপস্থাপন

ছোট ছোট দলে বিভক্ত হয়ে প্রতিযোগীরা নিজেদের মধ্যে পরামর্শ করে নিলেন। ধীরে ধীরে সবাই ঢুকে গেলেন মোবাইল ফোনের অ্যাপ্লিকেশনের (অ্যাপ) ধারণা উপস্থাপন কক্ষে। একের পর এক দলগুলো বিচারকদের সামনে তাদের ধারণাপত্রের বিস্তারিত উপস্থাপন করল। এখন বিচারকদের চুলচেরা বিশ্লেষণ এবং নিখুঁত পর্যালোচনায় মিলবে নম্বর। গতকাল শনিবার ঢাকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে (এনএসইউ) এমন চিত্রই দেখা গেল ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা ২০১৫-এর ধারণাপত্র উপস্থাপন ও বিচার পর্বে।
এ পর্বে অংশ নেয় ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে আসা ২২০টি দল। ৩২ জন বিচারক ১০টি দলে বিভক্ত হয়ে বিচারকাজ সম্পন্ন করেন। গত জানুয়ারিতে ঢাকার ১৩০টি দলের অ্যাপ উপস্থাপনা পর্ব অনুষ্ঠিত হয়। আয়োজকেরা জানালেন, মোট ৩৫০টি দলের মধ্য থেকে পরবর্তী পর্বে ২০০টি দল উত্তীর্ণ হবে। এভাবে আরও কয়েকটি ধাপ পেরিয়ে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হবে ১০টি দল।
এথিক্স অ্যাডভান্স টেকনোলজিস লিমিটেডের (ইএটিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান বলেন, ‘রাজনৈতিক অস্থিরতার কারণেই প্রথম পর্বের অ্যাপস উপস্থাপন দুই ধাপে সম্পন্ন হলো। তবে, এবারের ধারণাপত্রগুলো খুবই চমৎকার। এমন সময় আসবে যখন অ্যাপের মাধ্যমেই সব ধরনের কাজকর্ম নিয়ন্ত্রণ করা যাবে। ব্যবসায়ীরাও মোবাইল ফোনের অ্যাপ ব্যবহার করে তাঁদের ব্যবসায়িক কাজকর্ম দেখাশোনা করতে পারবেন—সে দিন বেশি দূরে নয়।’ 

প্রতিযোগিতার বিচারকদের সমন্বয়কারী রাজেশ পালিত বলেন, ‘পরবর্তী পর্বের জন্য দল নির্বাচনের ক্ষেত্রে মানসম্পন্ন ফিচার ও নকশার প্রতি গুরুত্ব দেওয়া হচ্ছে। আমরা সেসব অ্যাপ বাছাই করছি, যেগুলো দেশের আর্থসামাজিক উন্নয়নে কাজে লাগবে।’ প্রতিযোগিতার ওয়েবসাইটে (www.eatlapps.com) ১৪ মে নির্বাচিতদের নাম ঘোষণা করা হবে।
রাফাত জামিল