শেষ হলো আইসিটি এক্সপো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেষ হয়েছে তিন দিনের তথ্যপ্রযুক্তি মেলা—বাংলাদেশ আইসিটি এক্সপো ২০১৫। গতকাল বুধবার সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ ও বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) আয়োজিত এ মেলা। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
এবারের মেলার মূল কথা ছিল ‘মেক বাই বাংলাদেশ’। এ স্লোগান দিয়ে বাংলাদেশে প্রযুক্তিপণ্য উৎপাদনের ব্যাপারে উৎসাহ দেওয়া হয়। আয়োজকেরা জানান এবারের মেলায় তিন লাখের বেশি মানুষের সমাগম হয়। প্রায় ১৫০টি প্রতিষ্ঠান তাদের পণ্য প্রদর্শন করে এবং দশটি সেমিনারে আইসিটির নানা বিষয়ে আলোচনা করা হয়।
বিসিএসের সভাপতি এ এইচ এম মাহফুজুল আরিফ প্রথম আলোকে বলেন, ‘আইসিটি এক্সপোর প্রতি মানুষের আগ্রহ দিন দিন বেড়েই চলছে। নতুন কিছু তুলে ধরার জন্য উদ্ভাবনকে গুরুত্ব দিয়েছি আমরা। মূলত হার্ডওয়্যার শিল্পকে তুলে ধরতে চেয়েছি। তবে সফটওয়্যার প্রতিষ্ঠানগুলোকেও আমন্ত্রণ জানিয়েছি আমরা।’
মেলার শেষ দিনে ছিল দর্শকদের ভিড়। অন্যান্য দিনের মতো গতকালও মেলা সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত চলে।