শেষ হলো জমজমাট শিশু কিশোর বিজ্ঞান কংগ্রেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বিজ্ঞানবিষয়ক নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো দুই দিনের শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস। ঢাকার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে অনুষ্ঠিত দুই দিনের এ বিজ্ঞান কংগ্রেসে দেশের বিভিন্ন বিদ্যালয়ের খুদে বিজ্ঞানীদের ১৬৩টি বিজ্ঞান প্রকল্প, ১১১টি বিজ্ঞান
পেপার এবং ৭৬টি পোস্টার প্রদর্শিত হয়। বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির (এসপিএসবি) আয়োজনে ‘ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস ২০১৪’ শিরোনামের এ কংগ্রেসের সহ-আয়োজক ছিল বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ)। গতকাল শনিবার বিকেলে সমাপনী অনুষ্ঠানে তিন ক্যাটাগরির সেরাদের পুরস্কৃত করা হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেন, তরুণেরাই আগামী দিনের ভবিষ্যৎ। তরুণেরা আছে বলে দেশকে বদলে দেওয়া সম্ভব। বিজ্ঞান হলো মানুষের পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। তবে চর্চা ছাড়া বিজ্ঞান হবে না, তাই বিজ্ঞানকে বুঝতে হলে চর্চা বাড়াতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল ও ইয়াসমিন হক, বিজ্ঞান লেখক অধ্যাপক রেজাউর রহমান, জ্যোতির্বিজ্ঞানী এফ আর সরকার, ‘কিশোর আলো’র সম্পাদক আনিসুল হক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ এ এম জাকারিয়া, এসপিএসবির সহসভাপতি মুনির হাসান ও সাধারণ সম্পাদক ফারসীম মান্নান মোহাম্মদী, বিএফএফের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরীসহ অনেকে। অনুষ্ঠানে শিশু–কিশোরদের প্রকাশিত জার্নাল কিংবা পেপারের জন্য বিশেষ ‘আমাদের জার্নাল’ (www.amaderjournal.com) নামের ওয়েবসাইট চালু করা হয়। এতে শিশু–কিশোরদের লেখা সেরা জার্নালগুলো প্রতি মাসে নির্বাচিত জার্নাল আকারে প্রকাশিত হবে। সেরা জার্নাল নির্বাচন করবেন নির্বাচিত একদল বিচারক।

কংগ্রেসের বিজয়ীরা: প্রাইমারি ক্যাটাগরিতে পোস্টারে অরিত্র মৃধা ও নৈঋত বড়াল, প্রকল্পে ইফরা নাওয়ার, আফরা নাওয়ার, ইশিতা মঞ্জুর ও উম্মে খাদিজা, পেপারে তৌকির নূর রাহাত, কুইজে শাহজাহান হোসাইন, ধ্রুব ও অরিত্র মৃধা সেরা হয়েছে। জুনিয়র ক্যাটাগরিতে পোস্টারে ইফতিখার আহমেদ, ফখরুল আরেফিন, জাহরুল ইসলাম, ফাবিহা ফাইরুজ ও আদিল আহনাফ, প্রকল্পে ইসাহইয়া ট্রিপল্যান্ড, ফারদিম মুনির, ফারিবা মোস্তাফা, রাত্তিন সাদমান, সাজিদ আহমেদ, আফনান নাহিয়ান ও মো. রেজাউর রশিদ, পেপারে মো. মহিম শাহরিয়ার, ফারিয়া ফেরদৌস, আব্দুল্লাহ আল হোসেন, ফাতিন খান ও জাহিদুল ইসলাম এবং কুইজে আবদুল হাসিব, তুহিন ও এএসএম আনাস সেরা হয়েছে। সিনিয়র ক্যাটাগরিতে পোস্টারে মাধুর্য দাস, রশ্নি রাফা, সিফাত নওরিন, রাসমান মুবতাসিম, সামিন ইয়াসির, ইশতিয়াক হোসেন, ইমতিয়াজ হোসেন, প্রকল্পে অর্ক চক্রবর্তী, মিনার আহমেদ, জান্নাতুল ফেরদৌস, পেপারে নিয়াজ বিন সিরাজ, ইস্তেগফার মাহমুদ, শরিফুল আলম, মো. জোনায়েদ, রেহমান তোহা, মো. মিনহাজ উদ্দিন, সাকিব রেজা, মোহাইমেনুল ইসলাম, হাসিনুর রহমান, সুমাইয়া নার্গিস, সাবিহা নওশিন, রাকিবুল ইসলাম, কুইজে রাহাতুল ইসলাম, মুহাম্মদ রুহুল কুদ্দুস, ইশতিয়াক হোসাইন, আবু হাসান ওয়ালিদ সেরা হয়েছে। সেরা বিজয়ীরা আর্থিক পুরস্কার ছাড়াও পেয়েছে সনদ ও পদক। বিজয়ীদের মধ্য থেকে সেরা ৬০ জনকে নিয়ে ঢাকার আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে দ্বিতীয় জগদীশ বসু বিজ্ঞান ক্যাম্প।