শেষ হলো ল্যাপটপ মেলা

ক্রেতাদের ভিড় ও বেচাকেনার মাধ্যমে শেষ হলো তিন দিনের ল্যাপটপ মেলা ২০১৬। গত বৃস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছিল এই মেলা। গতকাল শনিবার মেলার শেষ দিনে সকাল থেকেই ছিল ক্রেতা-দর্শকদের ভিড়। মেলার আয়োজক এক্সপো মেকারের পরিচালনা বিভাগের প্রধান নাহিদ হাসনাইন সিদ্দিকী প্রথম আলোকে বলেন, সকাল থেকেই মেলা জমে উঠেছে। স্বাভাবিকভাবেই ক্রেতাদের জন্য শেষ দিনে উপহার, মূল্যছাড় একটু বেশিই ছিল। ক্রেতারা তাঁদের সাধ্যের মধ্যে ল্যাপটপ কম্পিউটারটি বেছে নিয়েছেন। সব মিলিয়ে এবারের মেলায় ক্রেতা-বিক্রেতা সবাই খুশি ছিলেন।
মিরপুর থেকে আসা ক্রেতা ইশরাত জাহান বলেন, ‘বিভিন্ন উপহার ও ছাড় থাকায় মেলায় এসেছি। ল্যাপটপের সঙ্গে যদি আরও কিছু উপহার পাওয়া যায় সেটাই ভালো।’
প্রতিবছরের মতো এবারও মেলায় ছিল নানা ধরনের ল্যাপটপ কম্পিউটার। পাশাপাশি ট্যাবলেট কম্পিউটার, নিরাপত্তা সফটওয়্যার, স্মার্টফোন এবং প্রযুক্তি অনুষঙ্গ। বিশেষ ছাড়, উপহারের পাশাপাশি এবারের মেলায় বেশ কয়েকটি নতুন মডেলের ল্যাপটপ বাজারে ছাড়া হয়।
মেলায় ১টি মেগা প্যাভিলিয়ন, ৬টি প্যাভিলিয়ন, ৬টি মিনি প্যাভিলিয়ন এবং ৪৪টি স্টলে প্রযুক্তিপণ্য দেখানো হয়েছে।
এবারের মেলায় এসার, আসুস, ডেল, এইচপি, লেনোভো, ওয়ালটন, লাভা, অ্যাভিরা, আই-লাইফ, ইসেট, রাপ্পো, লিনেক্স, রিভসহ বিভিন্ন ব্র্যান্ড অংশ নিয়েছে।
গতকাল রাত আটটায় মেলা শেষ হয়। মেলায় প্রবেশমূল্য ছিল ৩০ টাকা। তবে স্কুলশিক্ষার্থী এবং প্রতিবন্ধীরা বিনা মূল্যে মেলা দেখতে পেরেছে। মেলায় টিকিটের অর্থ দুরারোগ্য রোগে আক্রান্ত রোগী ও ভুক্তভোগী পরিবারকে সহায়তা করা হবে।