শেষ হলো ইউরোপীয় প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসা আলাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় শেষ হলো ইউরোপীয় ১৩টি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের ব্যবসা আলাপ (বিজনেস টু বিজনেস ম্যাচমেকিং)। দুই দিনের এ আয়োজন শেষ হয় গত বৃহস্পতিবার। বেসিসের উদ্যোগে এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই), আইটিসি জেনেভা, সিবিআই-নেদারল্যান্ডস এবং ঢাকায় নেদারল্যান্ডম দূতাবাসের সহযোগিতায় নেদারল্যান্ডস ট্রাস্ট ফান্ড টু (এনটুএফ-২) প্রকল্পের অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ নিয়ে তৃতীয়বারের মতো আয়োজিত এ আয়োজন বিষয়ে বেসিস সভাপতি এ কে এম ফাহিম মাশরুর প্রথম আলোকে বলেন, ‘গত বছর পর্যন্ত প্রায় ২০টি কাজ পেয়েছে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো। এবার আমরা আরও বেশি কাজ পাওয়ার ব্যাপারে আশাবাদী।’ ফাহিম মাশরুর জানান, এবার অনেক প্রতিষ্ঠান বাংলাদেশ এবং বাংলাদেশি প্রতিষ্ঠানের কাজ সম্পর্কে জেনেই এসেছে। এ আয়োজনের সফলতা সম্পর্কে এনটুএফ-২ প্রকল্প শেষে আগামী দুই মাসের মধ্যে জানানো হবে।এবারের আয়োজনে ২০০টি ‘ম্যাচমেকিং’ বৈঠকের মধ্যে প্রথম দিনে ১৫০টি অনুষ্ঠিত হয় এবং দ্বিতীয় দিন বাকি বৈঠকগুলো অনুষ্ঠিত হয়েছে। এ কার্যক্রমে ডেনমার্কের সাতটি, নেদারল্যান্ডসের ছয়টি প্রতিষ্ঠান বাংলাদেশের ৫০টি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসায়িক নানা বিষয়ে আলোচনায় অংশ নেয়।—নুরুন্নবী চৌধুরী