শেষ হলো এলিফ্যান্ট রোডের মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমজমাট আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো এলিফ্যান্ট রোডের মাল্টিপ্লান সিটিতে আয়োজিত নয় দিনের কম্পিউটার মেলা। ২৯ ডিসেম্বর থেকে শুরু হওয়া এ মেলা গত বৃহস্পতিবার শেষ হয়েছে। মেলার সমাপনী দিনে মাল্টিপ্লান সেন্টার দোকান মালিক সমিতি সমাপনী অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি এটিএন বাংলার উপদেষ্টা নওয়াজেশ আলী খান বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য অবশ্যই তথ্যপ্রযুক্তির প্রসার ঘটাতে হবে।’ মেলার আহ্বায়ক তৌফিক এহসান বলেন, ‘এ নিয়ে চারবার এ ধরনের মেলার আয়োজন করা হলো, আশা করি ডিজিটাল বাংলাদেশ গঠনের এ রকম মেলা উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।’ অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) চেয়ারম্যান এস এম ইমামুল হক, বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সাবেক সভাপতি ফয়েজউল্লাহ খান, বৃহত্তর এলিফ্যান্ট রোড দোকান মালিক সমিতির সভাপতি মোতাহার হোসেন ও কিউবির প্রধান বিপণন কর্মকর্তা নেহাল আহমেদ। অনুষ্ঠানে মেলার পৃষ্ঠপোষকদের বিভিন্ন ধরনের পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে মেলা-সম্পর্কিত সেরা প্রতিবেদন প্রকাশ করার জন্য প্রথম আলোকে পুরস্কৃত করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় অনুষ্ঠানটি। মেলা চলাকালীন প্রতিদিন ছিল আইসিটি-বিষয়ক সেমিনার, বিতর্ক প্রতিযোগিতা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিসহ নানা আয়োজন।—মোছাব্বের হোসেন