শেষ হলো ওপেন নলেজ সম্মেলন

সুইজারল্যান্ডের জেনেভায় নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো মুক্ত জ্ঞান বা ওপেন নলেজবিষয়ক সবচেয়ে বড় আন্তর্জাতিক সম্মেলন। তিন দিনের এ সম্মেলন শুরু হয় গত সোমবার। সম্মেলনের যৌথ আয়োজক ওপেন নলেজ ফাউন্ডেশন নেটওয়ার্ক (ওকেএফএন) এবং ওপেন ডেটা ডট সিএইচ।সম্মেলনের শেষ দিন গতকাল বুধবার ‘ওপেন কালচার’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এটি সঞ্চালনা করেন স্ট্যাটেন্স মিউজিয়াম ফর কুনেস্ট কোপেনহেগেনের মেরিটি স্যান্ডারহোপ। আলোচনায় অংশ নেন ইউরোপিয়ানা ফাউন্ডেশনের জিল কোসিন্স, ক্যালিফোর্নিয়া পলিটেকনিক ইউনিভার্সিটির আনা গোল্ড, বের্ন ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্সের ই-গভর্নমেন্ট ইনস্টিটিউটের বিয়েট ইস্টার্নমেনসহ অনেকে। এতে বিভিন্ন দেশের সংস্কৃতি অনুযায়ী কীভাবে সবার সঙ্গে যৌথভাবে মুক্ত সংস্কৃতিতে যুক্ত হওয়া যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ ছাড়া ওপেন ফাইন্যান্স এবং ওপেন স্পেন্ডিং, কীভাবে ওপেন ডেটা জলবায়ু পরিবর্তনে সাহায্য করতে পারে, সেসব বিষয়ে আলাদা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে ওপেন ট্রান্সপোর্ট ডেটা নিয়ে অনুষ্ঠিত কর্মশালায় মূল বিষয় তুলে ধরেন ওকেএফএন বেলজিয়ামের পিটার কল্পার্ট। এতে যাতায়াতব্যবস্থায় মুক্ত তথ্য কীভাবে সাহায্য করতে পারে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এর পাশাপাশি একই দিনে বিল্ড এ ট্রান্সফারেন্সি টেকনোলজি, ট্রাভেলিং দ্য ওপেন রোড, ওপেন স্পেস ট্য হ্যাক, ওপেন টেকনোলজি অ্যান্ড রিচার্স বিষয়ে গোলটেবিল, আলোচনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সম্মেলনের দ্বিতীয় দিন বিকেলে ‘ওপেন সায়েন্স অ্যান্ড রিসার্চ’ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এটি সঞ্চালনা করেন ইউনিভার্সিটি অব জেনেভার সিটিজেন সাইবারসায়েন্স সেন্টারের ফ্রান্সকোয়িস গ্রে। আলোচনা করেন কলাম্বিয়া ইউনিভার্সিটির ভিক্টোরিয়া স্টোডেন, মজিলা সায়েন্স ল্যাবের পরিচালক কেটলিন থানে, ক্রিয়েটিভ কমন্সে পুনিত কিশোরসহ অনেকে। এতে ওপেন সায়েন্সের নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়। কেটলিন থানে বলেন, ‘আমরা মজিলা সায়েন্স ল্যাবের মাধ্যমে দারুণ সব উদ্যোগ নিয়ে কাজ করতে আগ্রহী।’ মূল আয়োজনের পাশাপাশি সম্মেলন কেন্দ্র ওপেন ট্রান্সপোর্ট ডেটা বিষয়ে চলছে বিশেষ প্রদর্শনী। ওকেএফএনের সহ-প্রতিষ্ঠাতা ও পরিচালক রাফিউস পোলক বলেন, ‘সব মিলিয়ে আমরা ওপেন নলেজবিষয়ক একাধিক আয়োজন রেখেছি, যাতে করে বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের সম্মেলনটি সাহায্য করতে পারে।’ গতকাল বুধবার সম্মেলনে অংশ নেওয়া বিভিন্ন দেশের দূতেরা আলাদা বৈঠক করেছেন। বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের ওকেএনএফের দূতেরা এতে অংশ নেন। এতে নিজেদের অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা হয়। আজ বিভিন্ন দেশের ওকেএফএন দূত এবং স্কুল অব ডেট প্রকল্পের সদস্যদের জন্য থাকছে ওপেন ডেটা এক্সিপিডিশন শীর্ষক বিশেষ আয়োজন। অনুষ্ঠানে ওপেন ডেটা জেনেভার বিভিন্ন বিষয় প্রদর্শন করা হচ্ছে। পাশাপাশি চলছে ওপেন এডুকেশন, আরবান ডেটা চ্যালেন্স শীর্ষক পোস্টার প্রদর্শনী। বিস্তারিত: www.okcon.org/live।
—নুরুন্নবী চৌধুরী, জেনেভা (সুইজারল্যান্ড) থেকে