শেষ হলো ওয়ার্ল্ড ইউনিভার্সিটির সিএসই ফেস্টিভ্যাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের সিএসই ফেস্টিভ্যালে বিতর্কে চ্যাম্পিয়ন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা পুরস্কার নিচ্ছেন। ছবি: বিজ্ঞপ্তি
ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের সিএসই ফেস্টিভ্যালে বিতর্কে চ্যাম্পিয়ন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা পুরস্কার নিচ্ছেন। ছবি: বিজ্ঞপ্তি

বেসরকারি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের আয়োজনে তৃতীয় কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি উৎসব (সিএসই ফেস্টিভ্যাল) শেষ হয়েছে।
এবারের উৎসবে ১০টি বিশ্ববিদ্যালয় ও ১৫টি কলেজের দুই শতাধিক শিক্ষার্থী তথ্যপ্রযুক্তি বিষয়ে বিভিন্ন ইভেন্টে অংশ নেন। তিন দিনব্যাপী উৎসব শুরু হয়েছিল গত বৃহস্পতিবার। আজ শনিবার উৎসবের শেষ দিনে বিতর্ক প্রতিযোগিতা, আইটি অলিম্পিয়াড, গেমিং প্রতিযোগিতা ও খ্যাতিমান প্রযুক্তিবিদদের অংশগ্রহণে কর্মশালা হয়েছে। উৎসবে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, রানারআপ হয়েছে ঢাকা কলেজ। আজ বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।
বিকেলে সিএসই ফেস্টিভ্যালের পুরস্কার বিতরণী ও সমাপনীর অয়োজন করা হয়। ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য আবদুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষাসচিব নজরুল ইসলাম খান, বিশেষ অতিথি প্রথম আলো বন্ধুসভার নির্বাহী সভাপতি সাইদুজ্জামান রওশন, সহ–উপাচার্য এম নুরুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মোর্শেদা চৌধুরী, উপদেষ্টা মুশফিক এম চৌধুরী এবং কম্পিউটারবিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক কাজী হাসান রবিন প্রমুখ বক্তব্য দেন।

অনুষ্ঠানে উপাচার্য আবদুল মান্নান চৌধুরী বলেন, ‘বাংলাদেশে যদি বেসরকারি বিশ্ববিদ্যালয় না থাকত, তাহলে দেশের ২০ বিলিয়ন ডলার বিদেশে চলে যেত। আমরা ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে মানসম্পন্ন শিক্ষা দিচ্ছি। আমাদের বিশ্ববিদ্যালয় থেকে পাঁচ হাজার শিক্ষার্থী উত্তীর্ণ হচ্ছেন। তাঁরা কেউ বেকার নন, অনেকে পিএইচডি করছেন। অনেকে বিদেশে গিয়েও সফল হয়েছেন। আমরা এই মানসম্পন্ন শিক্ষা দিচ্ছি। এই বাস্তবতার স্বীকৃতি দিতে হবে।’
অনুুষ্ঠানে বক্তারা বলেন, আগামীতে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের মূল হাতিয়ার হবে প্রযুক্তি। তাই দেশের সব মেধাবী শিক্ষার্থীকে প্রযুক্তির আলোয় দক্ষ হতে হবে। যে বা যিনি এই প্রযুক্তিগত শিক্ষায় পিছিয়ে থাকবেন, তিনি ডিজিটাল বাংলাদেশ বা প্রযুক্তির আলোয় আলোকিত বাংলাদেশের দৌড়ে আর শামিল হতে পারবেন না। এ কারণেই এখন থেকে মেধাবী শিক্ষার্থীদেরকে প্রথাগত শিক্ষার সঙ্গে সঙ্গে নিজেদের কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তিগত শিক্ষায় শি‌ক্ষিত করতে হবে।
বক্তারা আশা প্রকাশ করে বলেন, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তির এ উৎসবকে তৃতীয় কিংবা চতুর্থে সীমাবদ্ধ রাখবে না। এই উৎসব শততম থেকে হাজারে নিয়ে যাবে। যখন বাংলাদেশ প্রযুক্তির আলোয় শুধু আলোকিত হয়ে থাকবে।
সাইদুজ্জামান রওশন সিএসই বিভাগের শিক্ষার্থীদের এ উৎসব সফলভাবে আয়োজনের জন্য অভিনন্দন জানান। তিনি বলেন, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি এগিয়ে যাচ্ছে। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এগিয়ে যাবেন।
অনুষ্ঠানে বিজয়ীদের কম্পিউটার, স্মার্ট ফোন, টি-শার্টসহ শতাধিক আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়।