শেষ হলো কমিউনিক এশিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমজমাট আয়োজনে শেষ হলো এশিয়ার সবচেয়ে আকর্ষণীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মেলা ‘কমিউনিক এশিয়া ২০১৩’। সিঙ্গাপুরের মেরিনা বে ও সানটেক সিটিতে ১৮ জুন শুরু হওয়া এ মেলা শেষ হয়েছে গতকালশুক্রবার। গত কয়েক বছরের মতো এবারও বাংলাদেশের কয়েকটি প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়েছে। অন্যান্য বারের মতো এবারও এ আয়োজনে ছিল নানা ধরনের নতুন পণ্য ও প্রযুক্তির প্রদর্শনী। নতুন প্রযুক্তির পণ্যের প্রতি ছিল দর্শকদের আগ্রহ। মেলায় তথ্যপ্রযুক্তির নানা ধরনের পণ্যসামগ্রী দেখতে ভিড় জমিয়েছেন বিভিন্ন দেশের দর্শকেরা। এবারের মেলায় প্রায় ৫০ হাজারের মতো দর্শক অংশ নিয়েছেন। মেলায় বিভিন্ন দেশের দুই হাজার ৪৪টি আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান তাদের নতুন উদ্ভাবিত প্রযুক্তিসহ অংশ নিয়েছে। গত বছরের তুলনায় এবার এক হাজারের বেশি প্রতিষ্ঠান এ মেলায় নিজেদের প্রযুক্তি প্রদর্শন করেছে। মেলায় এবারও বিভিন্ন দেশের আলাদা প্যাভেলিয়নে বিভিন্ন পণ্য প্রদর্শন করেছেন নির্দিষ্ট দেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান। মেলায় তৃতীয় দিন বৃহস্পতিবার আইওএস মডিউল, কার্ড সিরিজের নতুন পণ্য, জিরো-ই-মেইল স্ট্রোম, সার্ভারভিত্তিক অ্যাপ্লিকেশন, ভেহিক্যাল অন-ডিমান্ড লোকেশনভিত্তিক সেবা নিয়ে একাধিক সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মেলায় প্রথম দুদিনেও একাধিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। প্রথম দিন থেকেই নানা ধরনের নতুন পণ্য প্রদর্শিত হচ্ছে। হুয়াওয়ের সাম্প্রতিক বাজারে আসা বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন অ্যাসান্ড পি৬ প্রদর্শন করা হয়েছে মেলায়।মেলায় এ নিয়ে অষ্টমবারের মতো অংশ নিয়েছে বাংলাদেশি প্রতিষ্ঠান রিভ সিস্টেমস। এবার দুটি নতুন পণ্য ও সেবা প্রদর্শন করে আন্তর্জাতিক প্রতিষ্ঠানটি। এর মধ্যে রয়েছে মোবাইল ডায়ালারের নতুন সুবিধা।এতে যোগ করা হয়েছে এমন ইনস্ট্যান্ট মেসেঞ্জিং সুবিধা যা যা বিভিন্ন অপারেটিং সিস্টেমে চলে।আর আছে ক্যারিয়ার গ্রেড সফটসুইচ। রিভ সিস্টেমসের প্রধান নির্বাহী এম রেজাউল হাসান বলেন, ‘আমাদের পুরোনো পণ্যগুলোর পাশাপাশি আন্তর্জাতিক মানের নতুন পণ্য ও সেবাগুলোর বিস্তারিত তুলে ধরা এবং গ্রাহকদের নানা চাহিদা জানতে আমরা নিয়মিতভাবে এ আয়োজনে অংশ নিচ্ছি।’ মেলায় বাংলাদেশি প্রতিষ্ঠান জেনেসিসও অংশ নিয়েছে। মেলার তৃতীয় দিনে রিভ সিস্টেমের প্যাভেলিয়নে অনুষ্ঠিত হয়েছে নেটওয়ার্কিং সম্মেলন। —নুরুন্নবী চৌধুরী, সিঙ্গাপুর থেকে