শেষ হলো কম্পিউটার সিটির মেলা
একদিকে মানুষের দীর্ঘ সারি, অন্যদিকে হাতবোঝাই পণ্য নিয়ে ফিরছেন অনেকে। এ দৃশ্য বিসিএস কম্পিউটার সিটির বার্ষিক মেলার শেষ দিনে মেলার প্রবেশমুখের। গতকাল শনিবার মেলার শেষ দিনে জমে উঠেছিল বিসিএস কম্পিউটার সিটির বার্ষিক মেলা ‘সিটিআইটি ২০১১’। শেষ দিনে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের ঘোষিত নির্ধারিত ছাড় ছাড়াও আরও বেশি ছাড় দিচ্ছে বলে অনেকেই ক্রেতাই পণ্য কিনেছেন। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মেলায় কোনো প্রবেশমূল্য ছিল না। এই সুযোগে শিক্ষার্থীরা দলে দলে যোগ দিয়েছে মেলায়। এবারের মেলায় দর্শকদের সবচেয়ে বেশি আগ্রহ ছিল বিভিন্ন ধরনের ল্যাপটপ, ডিজিটাল ক্যামেরা, ইন্টারনেটের মডেম, কম্পিউটারবিষয়ক শিক্ষা উপকরণ ও কম্পিউটারের ক্ষুদ্র যন্ত্রাংশের দিকে। সিটিআইটির আহ্বায়ক এ এল মজহার ইমাম চৌধুরী মেলার আয়োজন সম্পর্কে সন্তুষ্টি প্রকাশ করে প্রথম আলোকে বলেন ‘মেলায় যেমনটা আশা করেছিলাম, তার চেয়ে অনেক বেশি দর্শকের সমাগম হয়েছে, আর বিক্রিও হয়েছে অনেক। আমরা মনে করি মেলা সফল হয়েছে।’ মেলায় প্রতিদিনই প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনের পক্ষে ভোট দেওয়ার ব্যবস্থা ছিল। প্রায় আড়াই হাজার ভোট সংগৃহীত হয়েছে। ২১ জানুয়ারি অনুষ্ঠিত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় এ গ্রুপে প্রথম হয়েছে হুমায়ারা হাবিব, বি গ্রুপে প্রথম রিফাত তাসনিম ও সি গ্রুপে প্রথম হয়েছে মাইশা মালিহা এবং প্রতিবন্ধী গ্রুপে প্রথম হয়েছে নূর ইসলাম।মেলার শেষ দিন সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, ‘কম্পিউটার সিটির এই মেলার মাধ্যমে বিভিন্ন ধরনের প্রযুক্তি সারা দেশে ছড়িয়ে পড়ছে। এর ফলে নতুন প্রজন্ম প্রযুক্তির প্রতি উৎসাহী হয়ে উঠছে, যা সমাজ গঠনে দেশের উন্নয়নে কাজ করছে ও জ্ঞানচর্চায় সাহায্য করছে।’ অনুষ্ঠানে বক্তব্য দেন কম্পিউটার সিটির সভাপতি এ টি সফিক উদ্দিন আহমদ, মেলার আহ্বায়ক এ এল মজহার ইমাম চৌধুরী, বাংলাদেশ এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ প্রমুখ। বিসিএস আইসিটি ২০১১ অ্যাওয়ার্ড দেওয়া হয় বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তাফা জব্বার এবং বিশিষ্ট সাংবাদিক মনজুরুল আহসান বুলবুলকে।—মোছাব্বের হোসেন