শেষ হলো কলকাতার ইনফোকম মেলা
ভারতে তথ্যপ্রযুক্তির অন্যতম বড় মেলা ইনফোকম শেষ হয়েছে গতকাল শনিবার। চার দিনের এ মেলা অনুষ্ঠিত হয় কলকাতার সল্টলেক স্টেডিয়াম চত্বরে। এবারে এই মেলা আট বছরে পা দিয়েছে। মেলায় যোগ দিয়েছে দেশ-বিদেশের এক হাজার প্রতিনিধি। আরও যোগ দিয়েছে দেশ-বিদেশের নামীদামি ১৫০টি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান। হিউলেট-প্যাকার্ড (এইচপি), সিমেন্স, ওয়েবেল, মাইক্রোসফট, টাটা, সান, টাওয়ার ইনফোটেক, ক্যানন, ডেল, ফোর্ড, প্যানাসনিক, উইম্যাক্স, কগনিজেন্ট, জিনিয়াস, হুন্ডাই, সনিসহ বিশ্বখ্যাত অনেক প্রতিষ্ঠানেরই উপস্থিতি ছিল ইনফোকমে।বরাবরের মতো তথ্যপ্রযুক্তিপ্রেমী কলকাতার মানুষজন এবারও ভিড় জমিয়েছিল এই মেলায়। বর্তমান প্রজন্মের তরুণ-তরুণীরা স্টল ঘুরে দেখেছে তথ্যপ্রযুক্তির সর্বশেষ প্রযুক্তি। প্রচুর বিক্রিও হয়েছে মেলায়। শুধু তা-ই নয়, এবারের মেলায় বেশ কয়েকটি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান তাত্ক্ষণিক সাক্ষাত্কারের মাধ্যমে নিয়োগও দিয়েছে।মেলায় পশ্চিমবঙ্গের তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেবেশ দাস বলেছেন, ২০০৯ সালে পশ্চিমবঙ্গ থেকে প্রায় ছয় হাজার কোটি রুপির সফটওয়্যার বিদেশে রপ্তানি হয়েছে। পশ্চিমবঙ্গে এখন এই শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন অন্তত ৯০ হাজার কর্মী। অন্যান্য রাজ্যের তুলনায় এখন পশ্চিমবঙ্গ তথ্যপ্রযুক্তিশিল্পে এগিয়ে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।এবার মেলা উপলক্ষে চার দিনই ছিল তথ্যপ্রযুক্তির নানা দিক নিয়ে বিভিন্ন সেমিনার। এতে যোগ দিয়েছে দেশ-বিদেশের তথ্যপ্রযুক্তির বিশেষজ্ঞরা।—অমর সাহা, কলকাতা