শেষ হলো খুদে বিজ্ঞানীদের মিলনমেলা
নানা আয়োজনের মধ্য দিয়ে ঢাকায় শেষ হয়েছে দুই দিনের শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস ২০১৩। সার্চ ইঞ্জিন গুগলের বিজ্ঞান মেলায় বাংলাদেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে আগ্রহী করে তুলতে এ কংগ্রেসের আয়োজন করা হয়। বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি) ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) এই কংগ্রেসের আয়োজক। গতকাল শনিবার বিকেলে ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাপনী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান। এ সময় উপস্থিত ছিলেন ইউআইইউর উপাচার্য এম রেজওয়ান খান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুহম্মদ জাফর ইকবাল, জিনবিজ্ঞানী আবেদ চৌধুরী, ঢাকা চেম্বারের সভাপতি মো. সবুর খান, পৃষ্ঠপোষক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আবদুল কুদ্দুস, বিএফএফের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী, কংগ্রেসের আহ্বায়ক মুনির হাসান প্রমুখ।এই বিজ্ঞান কংগ্রেসে প্রকল্প, পোস্টার ও নিবন্ধ বিষয়ে জুনিয়র (নবম শ্রেণী পর্যন্ত) ও সিনিয়র (দশম থেকে দ্বাদশ শ্রেণী) বিভাগে প্রতিযোগিতা হয়। জুনিয়র ও সিনিয়র বিভাগে সেরাদের সেরা হয়েছে যথাক্রমে ফারদীম মুনির (স্যার জন উইলসন স্কুল) ও ওমর ফারুক (তাহফিজুল কোরআনুল করিম মাদ্রাসা)। দুই বিভাগের চারজন চ্যাম্পিয়ন হলো আরাধ্য সরকার (স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল) ও তাসফিয়া কিবরিয়া (ভিকারুননিসা নূন স্কুল) এবং মো. আরিফুল ইসলাম (সৈয়দ নজরুল ইসলাম কলেজ) ও আসিফ মাহমুদ (ঢাকা কলেজ)। প্রকল্প উদ্ভাবন বিষয়ে জুনিয়র এবংসিনিয়র বিভাগে বিজয়ী হয়েছে মেহেদী হাসান (হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজ), রিয়াদ শাহরিয়ার (কম্পিউটার লিটল জুয়েলস স্কুল) ও মিম আক্তার (গোয়ালমাথ হাইস্কুল) এবং শাহরিয়ার আহমেদ (হায়দার আলী উচ্চবিদ্যালয়), নওফেল মাশরুর (আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ) ও আসিফ আনজুম খান ও তাঁর দল (সরকারি উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম)। পোস্টার উপস্থাপনে জুনিয়র এবংসিনিয়র বিভাগে বিজয়ীরা হলো ইনতিসার তাহমিদ (সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল), মহিমা স্বাগতা (অরণি বিদ্যালয়) ও দেওয়ান তামান্না ওয়াদুদ (আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজ) এবংনাফিস তিহাম (ঢাকা সিটি কলেজ), ফারজানা তাবাসসুম (ভিকারুননিসা নূন স্কুল) ও মো. মইনুল হোসেন (বিএএফ শাহীন কলেজ, চট্টগ্রাম)। বৈজ্ঞানিক নিবন্ধ উপস্থাপনায় জুনিয়র এবংসিনিয়র বিভাগে বিজয়ী হয়েছে নাফিসা তাবাসসুম (ভিকারুননিসা নূন স্কুল), সাওয়ান কবির (বিএএফ শাহীন কলেজ, ঢাকা) ও লামিয়া ইসলাম (ভিকারুননিসা নূন স্কুল) এবংমুহাম্মদ মাহমুদ হোসেন, মো. রাবিদ আবরার ও তাঁর দল। কংগ্রেস থেকে নির্বাচিত ৩০ জনকে নিয়ে আয়োজন করা হবে ‘প্রথম জগদীশচন্দ্র বসু বিজ্ঞান ক্যাম্প’। বিস্তারিত: www.cscongres.org। —নিজস্ব প্রতিবেদক