শেষ হলো খুলনার জমজমাট মেলা
খুলনায় ডিজিটাল মেলার শেষ দিনে গতকাল রোববার মানুষের উপচেপড়া ভিড় হয়। হাজারো মানুষের ভিড়ে বিক্রিও হয়েছে প্রচুর। শেষ দিনের বিক্রিতে মেলায় অংশগ্রহণকারী ব্যবসায়ীরাও খুশি। মহান একুশে ফেব্রুয়ারি এবং ছুটির দিন থাকায় গতকাল রোববার দুপুরের পর থেকে নগরের টাইগার গার্ডেনের মেলা প্রাঙ্গণে হাজারো মানুষ ভিড় জমায়। দর্শনার্থীদের সামাল দিতে মেলা কমিটির নিজস্ব নিরাপত্তা কর্মীসহ স্থানীয় থানা পুলিশকেও হিমশিম খেতে হয়।সকালে নগরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা। অংশগ্রহণকারী ৫০ জন শিশু তিনটি গ্রুপে ভাগ হয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। শেষে বিজয়ী নয়জনকে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া অংশগ্রহণকারী সবাইকেই দেওয়া হয় সান্ত্বনা পুরস্কার। রাতে অনুষ্ঠিত হয় র্যাফেল ড্র।স্কুলপড়ুয়া ছেলের জন্য কম্পিউটার কিনতে আসা গৃহবধূ নাজনীন আকতার বলেন, ২৮ হাজার টাকার মধ্যে একটি ডেস্কটপ কম্পিউটার কিনতে পেরেছি। অন্য সময় খুলনায় এ কম্পিউটারের দাম ৩২ হাজার টাকা। সন্ধ্যার পর মেলাস্থলে গিয়ে দেখা যায়, মেলাস্থল লোকে ঠাসা। প্রতিটি স্টলেই ভিড় ঠেলে জায়গাই পাওয়া কষ্টকর হয়ে পড়ে। খুলনার প্রতিষ্ঠান ইন্টারওয়েভের কম্পিউটার পরিচালক এস এম মনিরুল ইসলাম মিঠু প্রথম আলোকে বলেন, ‘শেষ দিনে এমন ভিড় হবে ভাবতেই পারিনি। বিক্রিও হয়েছে বেশ। সবচেয়ে বেশি বিক্রি হয়েছে ল্যাপটপ কম্পিউটার। মেলা কমিটির আহ্বায়ক মুন্সী আরিফুর জামান প্রথম আলোকে বলেন, ‘শেষ দিনে মেলায় উপস্থিতি আমাদের আশাকে ছাড়িয়ে গেছে। বিক্রিও হয়েছে ভালোই। দর্শনার্থীদের অনুরোধ ছিল মেলার সময় বাড়ানোর। কিন্তু ইচ্ছে থাকা সত্ত্বেও সম্ভব হয়নি।বাংলাদেশ কম্পিউটার সমিতির খুলনা কমিটির সভাপতি মো. নুরুল ইসলাম বলেন, যেকোনো ধরনের মেলা স্বল্প সময়ে হয় না। কমপক্ষে ১৫ দিনের নিচে মেলা করা হলে তা জমতে চায় না। তারপরও পাঁচ দিনের মেলার শেষে দুই দিনে মানুষের ভিড় আশা জাগিয়েছে। বিক্রিও আশানুরূপ হয়েছে। এক বছর বিরতির পর এ বছর ভিন্ন স্থানে এ কম্পিউটার মেলার আয়োজন করা হয়। মেলায় চারটি প্যাভিলিয়নসহ ২৪টি স্টল অংশ নেয়। এর মধ্যে ১১টি প্রতিষ্ঠান ঢাকা থেকে আসে। —সামছুজ্জামান, খুলনা