শেষ হলো গ্লোবাল আইনেট ২০১২ সম্মেলন
ইন্টারনেট সোসাইটির ২০ বছর পূর্তি উপলক্ষে সুইজারল্যান্ডের জেনেভায় শেষ হয়েছে ‘গ্লোবাল আইনেট ২০১২’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন। গতকাল মঙ্গলবার জেনেভা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (সিআইসিজি) এর সমাপনী অনুষ্ঠানে মেধাস্বত্ব সংরক্ষণ, কপিরাইট, ভবিষ্যৎ ইন্টারনেটের অবস্থা এবং ইন্টারনেট সোসাইটির ভূমিকা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। সম্মেলনের শেষ দিন গতকাল ‘ডিজিটাল কনটেন্ট, ইন্টেলেকচুয়াল প্রোপার্টি অ্যান্ড ইনোভেশন’, ‘হারনেসিং দ্য ইন্টারনেট ফর ইকোনমিক ট্রান্সফরমেশন’, ‘দ্য কি ইনগ্রেডিয়েন্টস ফর অ্যাডভান্সিং ইন্টারনেট ইনোভেশন’ এবং ‘গেইম চেঞ্জারস: হয়ার উইল দে টেক আস বাই ২০৩২’ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়।বক্তারা উন্নত বিশ্বের কপিরাইট মডেল বা মেধাস্বত্বের বিষয়গুলো উন্নয়নশীল দেশের জন্য কতটুকু উপযোগী? সম্পদের সীমাবদ্ধতার জন্য উন্নয়নশীল দেশগুলো উন্নত কনটেন্ট তৈরি করতে সক্ষম হবে কি না, এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। সম্মেলনে ইন্টারনেটের অগ্রযাত্রায় শামিল হওয়ায় বিভিন্ন বরেণ্য ব্যক্তিকে সম্মাননা জানানো হয়। এ ছাড়া ইন্টারনেট সোসাইটি প্রথমবারের মতো সোসাইটির বর্তমান প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী লিন আমুরকে আজীবন সম্মাননা জানানো হয়। —ইন্টারনেট সোসাইটি ডট অর্গ অবলম্বনে নুরুন্নবী চৌধুরী