শেষ হলো জমজমাট কম্পিউটার মেলা
শুক্রবার ছিল সপ্তাহিক ছুটির দিন। তাই সকাল থেকেই কম্পিউটার মেলা প্রাঙ্গণ ছিল লোকে লোকারণ্য। প্রতিটি স্টলে নানা ধরনের প্রযুক্তিপণ্যে ছিল প্রযুক্তিপ্রেমীদের আগ্রহ। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২১ নভেম্বর থেকে শুরু হওয়া পাঁচ দিনব্যাপী বাংলাদেশ কম্পিউটার সমিতির কম্পিউটার মেলা বিসিএস আইসিটি ওয়ার্ল্ড ২০১১-এর শেষ দিনের চিত্র ছিল এমন। ‘ডিজিটাল বাংলাদেশের জন্য ডিজিটাল শিক্ষা’ স্লোগানে শুরু হওয়া এই মেলা শুরু থেকেই ছিল জমজমাট।এবারের মেলায় দর্শকদের আগ্রহের প্রধান কেন্দ্রবিন্দুতে ছিল ট্যাবলেট, নেটবুক ও ল্যাপটপ কম্পিউটার। এ ছাড়া ডিজিটাল ক্যামেরা, প্রিন্টার, গেমের অনুষঙ্গ, পেনড্রাইভ, ইন্টারনেট মডেম ইত্যাদি প্রযুক্তিপণ্যের দিকেও দর্শক আগ্রহ দেখিয়েছে।শেষ দিনে মেলায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. রফিকুল ইসলাম বলেন, আজকের এই শিশুদের মধ্যেই সম্ভাবনা লুকিয়ে আছে। তিনি এই শিশুদের তথ্য ও যোগাযোগপ্রযুক্তির সঠিক ব্যবহারে আগ্রহী করে তোলার জন্য সবাইকে এগিয়ে আসতে বলেন। অনুষ্ঠানে বিসিএসের সভাপতি মোস্তাফা জব্বার, সাবেক সভাপতি ফয়েজউল্যাহ্ খান, গ্রিন পাওয়ার ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকসের প্রধান নির্বাহী গুলজার রহমান উপস্থিত ছিলেন। শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ক-বিভাগে প্রথম হয়েছে ইয়াসিন ইবনে হাসান, দ্বিতীয় মুবাশ্ব্বির রহমান সিদ্দিক ও তৃতীয় হয়েছে মিমহা বিনতে মুনির। খ-বিভাগে প্রথম হয়েছে শরীফ মো. সাইফ, দ্বিতীয় আসনুভা শাহরিন এবং তৃতীয় কাজী ফারহা মবিন। এ ছাড়া গ-বিভাগে প্রথম হয়েছে সাদাত আনোয়ার, দ্বিতীয় সাবা আহমেদ ও তৃতীয় হয়েছে নাসিবা নাওয়ার। প্রতিবন্ধী বিভাগে বিশেষ পুরস্কার পেয়েছে আসিফ হাসান।এবারের কম্পিউটার মেলার বিশেষ আকর্ষণ ডিজিটাল চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে একই দিনে। কম্পিউটারের টাচ প্যাডে কলম দিয়ে আঁকা ১২৫টির অধিক ডিজিটাল ছবি জমা পড়েছিল এখানে। ডিজিটাল চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে সংসদ সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব মাহফুজুর রহমান বলেন, ডিজিটাল চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশে নতুন এক দিগন্তের সূচনা হলো। ডিজিটাল চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, বাংলাদেশ কম্পিউটার সমিতির সাবেক সভাপতি সবুর খানসহ অনেকে উপস্থিত ছিলেন। মেলার সার্বিক আয়োজন নিয়ে সন্তোষ প্রকাশ করে বিসিএসআইসিটিওয়ার্ল্ড ২০১১-এর আহ্বায়ক কাজী আশরাফুল আলম প্রথম আলোকে বলেন, সবদিক বিবেচনা করে বলা যায়, এই মেলায় প্রত্যাশার চেয়ে অনেক বেশি দর্শক এসেছে ও বিক্রিও হয়েছে ভালো। —মোছাব্বের হোসেন