শেষ হলো জমজমাট ল্যাপটপ মেলা
‘জ্বালো প্রযুক্তির আলো’ স্লোগান নিয়ে ঢাকায় তিন দিনের ল্যাপটপ মেলা শেষ হয়েছে গতকাল শুক্রবার। মেলায় ছিল সর্বশেষ প্রযুক্তির ল্যাপটপ প্রদর্শনী। মেলা উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের ল্যাপটপ ক্রয় করলে ক্রেতাদের বিশেষ মূল্যছাড় ও বিভিন্ন উপহার দিয়েছে। তরুণ প্রজন্মের, বিশেষ করে শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে এবারের মেলায়। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসনের শিক্ষার্থী রাফাত উদ্দিন বলেন, মেলায় অনেক ঘোরাঘুরি করে অবশেষে পছন্দের ল্যাপটপ কম্পিউটার কিনেছেন তিনি। বন্ধুদের সঙ্গে বিভিন্ন প্যাভিলিয়ন ঘুরে ল্যাপটপ দেখেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারিয়া হোসেন। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কাজে ল্যাপটপ ব্যবহার করতে হয়। ল্যাপটপ কাজের জন্য বহন করতে সুবিধা বেশি। তাই বাসায় ডেস্কটপ কম্পিউটার থাকার পরও মেলায় কিছুটা কম দামে ল্যাপটপ পাওয়া যাবে বলে কিনতে এসেছি।’ শুধু শিক্ষার্থীরাই নন, কর্মজীবী অনেককেই মেলায় ল্যাপটপ কিনতে দেখা গেছে। জাতীয় হূদরোগ ইনস্টিটিউটের ডা. নিলিম ও ডা. ফারহান ল্যাপটপ কিনেছেন মেলা থেকে। তাঁরা জানান, এখানে ল্যাপটপের দাম অন্য সময়ের চেয়ে তুলনামূলক কম। মেলা থেকে ল্যাপটপ কেনার সবচেয়ে বড় সুবিধা হলো, অনেক পণ্যের মধ্য থেকে বাছাই করে পছন্দের পণ্যটি কেনা যায়। মেলা উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানে প্রত্যাশার চেয়ে বিকিকিনি অনেক বেশি হয়েছে। স্মার্ট টেকনোলজি লিমিটেডের পণ্য উৎপাদন ব্যবস্থাপক (স্যামসাং) মো. আবদুল মুন্নাফ বলেন, ‘মেলায় আমরা বিক্রি যা আশা করেছি, তার চেয়ে অনেক বেশি হচ্ছে। মেলার শেষ দিন সাপ্তাহিক ছুটি থাকায় বিক্রি তুলনামূলক অনেক বেশি হয়েছে।’ গতকালতাই মেলায় ছিল উপচেপড়া ভিড়। মেলা সমন্বয়ক সুলতান মাহমুদ বলেন, ‘যা আসা করেছি তার চেয়ে বেশি সাড়া পেয়েছি। মেলার শুরুতে কিছুটা ভয়ে ছিলাম এ সময়ে মেলায় লোকজন আসবে কি না।’ তিনি বলেন, ‘এই মেলার মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে ল্যাপটপ পৌঁছে দেওয়াই ছিল আমাদের লক্ষ্য। আশা করি সেই লক্ষ্য পূরণ হয়েছে।’ —তারিকুর রহমান খান