শেষ হলো জ্ঞানমেলা
বাগেরহাটের রামপাল উপজেলার শ্রীফলতলা মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত দুই দিনব্যাপী জ্ঞানমেলা গত রোববার শেষ হয়েছে। আমাদের গ্রাম উন্নয়নের জন্য তথ্যপ্রযুক্তি প্রকল্প আয়োজিত এটি ছিল সপ্তম আয়োজন। মেলায় প্রবল বৃষ্টি উপেক্ষা করে বিপুলসংখ্যক দর্শক সমাগমে হয়ে উঠেছিল প্রাণবন্ত ও উৎসবমুখর। মেলার শেষ দিনেও সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত বিরামহীন চলে স্কুলপর্যায়ের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে সংগীত, আবৃত্তি ও নৃত্য প্রতিযোগিতা। এতে রামপাল উপজেলার বিভিন্ন স্কুলের দুই শতাধিক প্রতিযোগী অংশ নেয়। বিকেল পাঁচটায় প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন স্থানীয় সাংসদ হাবিবুন নাহার। তিনি বলেন, শুধু রামপালের শ্রীফলতলায় নয়, এ মেলা পুরো উপজেলার প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে হবে। মেলার আয়োজক আমাদের গ্রাম-এর পরিচালক রেজা সেলিম বলেন, নাগরিক ও গ্রামীণ জীবনের দূরত্ব কাটিয়ে এ মেলা এখন সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম আলোর ফিচার উপসম্পাদক পল্লব মোহাইমেন, রামপাল উপজেলা চেয়ারম্যান মোল্লা আ. রউফ, শ্রীফলতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. মান্নান, জ্ঞানমেলা ২০১২-এর আহ্বায়ক মুক্তিযোদ্ধা শেখ আ. জলিল প্রমুখ। —মংলা (বাগেরহাট) প্রতিনিধি