শেষ হলো টেলিযোগাযোগ ও তথ্যসমাজ দিবস মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা আয়োজন আর বিভিন্ন তথ্যপ্রযুক্তি কার্যক্রম প্রদর্শনের মাধ্যমে রাজধানীতে শেষ হয়েছে টেলিযোগাযোগ ও তথ্য সংঘ মেলা। বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্যসমাজ দিবস উপলক্ষে ‘টেলিযোগাযোগ মেলা ২০১০’ শিরোনামের এ মেলা শুরু হয় ১৭ মে। এবারের এই দিবসটির মূল প্রতিপাদ্য বিষয় ‘বেটার সিটি, বেটার লাইফ উইথ আইসিটিস’ স্লোগানে এ মেলায় দেশের টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি খাতের সরকারি ও বেসরকারি পর্যায়ের ৫০টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। গতকাল মেলার শেষ দিনে ঘুরতে আসা কলেজ শিক্ষার্থী মাহিদা মাহবুব বলেন, ‘তথ্যপ্রযুক্তির বিভিন্ন কার্যক্রম দেখতে এবং নতুন বিষয়গুলো জানতেই মেলায় এসেছি।’ মেলায় নানা বয়সী দর্শকের আগমন আর আগ্রহ ছিল বিভিন্ন প্রতিষ্ঠানের প্রযুক্তি কার্যক্রম সম্পর্কে জানার প্রতি। তথ্যপ্রযুক্তির সঙ্গে তরুণদের আরও বেশি করে পরিচিত করে তুলতে এ ধরনের মেলার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন মেলায় ঘুরতে আসা অনেক দর্শক। মেলায় ওয়াইম্যাক্স সেবা প্রদানকারী কিউবি ও বাংলালায়ন ছাড়াও বিভিন্ন মোবাইল অপারেটরের অংশগ্রহণ ও খুচরা মোবাইল ফোনসেট, টেলিফোন এবং তথ্যপ্রযুক্তিভিত্তিক যন্ত্রাংশের স্টল ছিল। মেলায় মোবাইল ফোন প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি ফোনসেট প্রস্তুতকারী প্রতিষ্ঠানের স্টলে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন প্রদর্শন ও বিক্রি হয়েছে। এ ছাড়া মেলায় ছিল এফএম রেডিও এবিসি রেডিও, রেডিও টুডে, রেডিও ফুর্তি ও রেডিও আমারের স্টল। মেলায় টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড (টেসিস) প্রতিষ্ঠানটির পুরোনো টেলিফোনের প্রদর্শনী করেছে। এ ছাড়া নিজস্ব ব্র্যান্ডের ল্যাপটপ কম্পিউটার শিগগিরই বাজারে আসবে বলে জানিয়েছে। বাংলাদেশ পোস্ট অফিস অনলাইন মোবাইল মানি অর্ডার, পোস্টাল ক্যাশকার্ডসহ বিভিন্ন কার্যক্রম প্রদর্শন করেছে। বিডিকম অনলাইন সরাসরি আইপি টেলিফোনে কথা বলার পদ্ধতি দেখিয়েছে। নানা ধরনের প্রযুক্তি পণ্যের পাশাপাশি মেলায় ছিল ল্যাপটপ বা কম্পিউটার কেনার সুযোগ। —নুরুন্নবী চৌধুরী