শেষ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রযুক্তিনির্ভর আধুনিক শিক্ষার প্রসারের ওপর গুরুত্ব দিয়ে শেষ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আয়োজিত প্রযুক্তি উৎসব। গতকাল শনিবার ডিইউআইটিএস-রবি জাতীয় প্রযুক্তি উৎসব শীর্ষক দুদিনের এই উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ বলেন, দেশকে এগিয়ে নেওয়ার জন্য তরুণ প্রজন্মকে তথ্য ও যোগাযোগপ্রযুক্তিনির্ভর জ্ঞানচর্চা বাড়াতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের অধ্যাপক শফিউল আলম ভূঁইয়াসহ অনেকে। দুইদিনের এ উৎসব শুরু হয়েছিল গত শুক্রবার।উৎসবের উদ্বোধন ঘোষণা করেছিলেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উৎসবে তথ্যপ্রযুক্তি প্রকল্প প্রদর্শনে বিজয়ী হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। মোবাইল অ্যাপস প্রতিযোগিতায় সেরা হয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।সমাপনী দিনে অনুষ্ঠিত হয় ‘নারীর প্রতি সহিংসতা রোধেতথ্য ও যোগাযোগপ্রযুক্তির (আইসিটি) ব্যবহার’ শীর্ষক সেমিনার। এতে মূল প্রবন্ধ পড়েন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সাধারণ সম্পাদক মুনির হাসান। সেমিনারে বক্তৃতা করেন বাংলাদেশ উইমেন ইন আইটির (বিডব্লিউআইটি) সভানেত্রী লুনা শামসুদ্দোহা ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জাবেদ মোর্শেদ চৌধুরীসহ অনেকে। বক্তারা তথ্যপ্রযুক্তির ভুবনে নারীর তথ্য নিরাপত্তা ও সহিংসতা রোধে আইসিটির ব্যবহারের ওপর গুরুত্ব দেন। উন্নয়নে নারী-পুরুষের সমান ভূমিকা রাখতে নারীদের প্রযুক্তি ব্যবহার বাড়ানোর জোর দেন আলোচকেরা। —জাহিদ হোসাইন খান