শেষ হলো তিন দিনের সাইবার গেমস প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (আইইউবি) প্রাঙ্গণে তিন দিন ধরে ছিল কম্পিউটার, কিবোর্ড, জয়স্টিক, মাউস, গেম প্যাড নিয়ে উত্তেজনা। দেশের ৮০০ শিক্ষার্থীর অংশগ্রহণে উত্তেজনায় টানটান ছিল বিশ্ব সাইবার গেমস প্রতিযোগিতায় (ডব্লিউসিজি) বাংলাদেশ-২০১২। গতকাল শনিবার সন্ধ্যায় ফাইনাল খেলার মাধ্যমে শেষ হলো কম্পিউটার গেমের এই আয়োজন। এবারের প্রতিযোগিতায় দলগত পর্বে কল অব ডিউটি গেমে চ্যাম্পিয়ন হয়েছে এহসান জামানের ভয়েড স্ম্যাশ দল। অপর খেলা কাউন্টার স্ট্রাইকে চ্যাম্পিয়ন হয়েছে জর্জিস আলমের ইভাল্যুয়েশন গেমিং-১ দল। একক খেলায় মোস্ট ওয়ান্টেডে চ্যাম্পিয়ন হয়েছেন আলিফ রহমান চৌধুরী। ফিফা ২০১২ খেলায় চ্যাম্পিয়ন হয়েছে সালমান হোসেন। প্রতিযোগিতার শেষ দিনে সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। সব শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আইইউডিবির উপাচার্য এম ওমর রহমান। তিনি বলেন, ‘দেশের তরুণ প্রজন্মের মেধার বিকাশে এ ধরনের প্রতিযোগিতা ভূমিকা রাখতে সক্ষম। আশা করি, এ ধরনের খেলায় দেশের তরুণেরা আন্তর্জাতিকভাবেও দেশের সুনাম বয়ে আনবে।’ এ সময় উপস্থিত ছিলেন কম্পিউটার সোর্সের পরিচালক এ ইউ খান, ডব্লিউসিজির বাংলাদেশ ব্যবস্থাপক এইচ এম ফয়েজ মোর্শেদ, বিসিএস কম্পিউটার সিটির সভাপতি মজিবুর রহমান, ডেভেলপমেন্টস অব স্টুডেন্ট অ্যাফেয়ার্স (দোসা) জ্যেষ্ঠ ব্যবস্থাপক কাজী ফারুক আহমেদ। ফিফা ২০১২ গেমসে বিজয়ী সালমান হোসেন বলেন, ‘ছোটবেলা থেকেই গেমস খেলছি। গেমস খেলে পুরস্কার পাওয়ায় অনেক ভালো লাগছে।’ বিজয়ী আটজনকে দেওয়া হয় আড়াই লাখ টাকা মূল্যমানের কম্পিউটার গেম খেলার নানা অনুষঙ্গ। আগামী বছর থেকে নিয়মিত এই প্রতিযোগিতার আয়োজন করা হবে বলে জানিয়েছেন আয়োজকেরা। প্রতিযোগিতা যৌথভাবে আয়োজন করে আইইউবি ও কম্পিউটার সোর্স লিমিটেড। —জিয়াউর রহমান চৌধুরী