হুর রে বলে দুই হাত তুলে চিত্কার দিয়ে ওঠে কাজী রকিবুল ইসলাম। আই-জিনিয়াস হিসেবে তার নাম শোনার পর এই উল্লাস। কাঁপা কাঁপা কণ্ঠে রকিবুল বলে, ‘ইন্টারনেট ব্যবহার করে ঘরে বসেই দেশ-বিদেশের সব তথ্য পাওয়া যায়। তথ্যপ্রযুক্তির এই আলোর আভা ব্যবহার করে দুর্নীতিমুক্ত দেশ গড়তে চাই।’রকিবুল নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র। গতকাল শুক্রবার আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে লোহাগড়া পাইলট উচ্চবিদ্যালয়ে গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উত্সব হয়। এরই সঙ্গে শেষ হলো দেশব্যাপী ইন্টারনেট উত্সব।‘এসো পৃথিবীর পাঠশালায়...’ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে দেশব্যাপী ইন্টারনেট উত্সব শুরু হয় গত ১৩ সেপ্টেম্বর থেকে। ১২০টি স্থানে নির্বাচিত আই-জিনিয়াসদের নিয়ে এবার ঢাকায় হবে আই-জিনিয়াস গ্র্যান্ডমাস্টার প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় নির্বাচিত একজনকে অপেরা মিনির সহায়তায় পাঠানো হবে নরওয়ে। আর গ্রামীণফোন দেবে তাকে শিক্ষাবৃত্তি।উত্সবকে ঘিরে গতকাল লোহাগড়া পাইলট উচ্চবিদ্যালয় চত্বরে ছিল সাজ সাজ রব। জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন করা হয় সকাল ১০টায়। উত্সবের উদ্বোধন করেন লোহাগড়া পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় কুমার দাস। তিনি বলেন, ‘ইন্টারনেটের মধ্য দিয়ে তথ্যপ্রযুক্তির আলোয় আলোকিত হবে আমাদের নতুন প্রজন্ম। তাদের হাত ধরেই পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ।’ ইন্টারনেটের ইতিবাচক ব্যবহার নিয়ে শিক্ষার্থীদের শপথবাক্যও পড়ান তিনি।অনুষ্ঠানে বক্তব্য দেন গ্রামীণফোন খুলনা অঞ্চলের ব্যবস্থাপক অমিতাভ চন্দ্র দাস ও প্রথম আলোর লোহাগড়া প্রতিনিধি মারুফ সামদানী। উদ্বোধনী পর্ব সঞ্চালনা করেন লোহাগড়া বন্ধুসভার সভাপতি শেখ শরিফুল ইসলাম।আই-জিনিয়াস প্রতিযোগিতার জন্য লোহাগড়ার ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পড়ুয়া ১৭৭ জন শিক্ষার্থী নিবন্ধন করে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো: লোহাগড়া আদর্শ মহাবিদ্যালয়, লক্ষ্মীপাশা আদর্শ মহিলা ডিগ্রি কলেজ, এস এম এ আহাদ মহাবিদ্যালয়, নবগঙ্গা ডিগ্রি কলেজ, ইতনা স্কুল অ্যান্ড কলেজ, লোহাগড়া এম এ হক কারিগরি ও বাণিজ্যিক মহাবিদ্যালয়, লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়, লোহাগড়া-লক্ষ্মীপাশা পাইলট উচ্চবিদ্যালয়, লোহাগড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়, এম কে মিতালী মাধ্যমিক বিদ্যালয়, মল্লিকপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, চাচই-ধানাইড় উচ্চবিদ্যালয়, জেসিজি মাধ্যমিক বিদ্যালয় ও লোহাগড়া পাইলট উচ্চবিদ্যালয়। সেরা ১০ জনের মধ্যে নয়জনকে দেওয়া হয় ক্রেস্ট। আই-জিনিয়াসকে দেওয়া হয় প্রথম আলোর একটি মগ ও গ্রামীণফোনের পক্ষ থেকে পদক। উত্সবের কেন্দ্রপ্রধানকে একটি দেয়ালঘড়ি ও একটি মগ দেওয়া হয়।যেসব শিক্ষার্থী আই-জিনিয়াস প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি তাদের জন্য ছিল মজার মজার ইভেন্ট। এর মধ্যে হ্যাপিনেস মেশিন, ম্যাজিক মিরর ও এক্সপেরিয়েন্স জোন সবচেয়ে বেশি উপভোগ করে শিক্ষার্থীরা। হ্যাপিনেস মেশিনের সামনে প্রায় দেড় ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয় লোহাগড়া পাইলট উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র আফিফকে। সঠিক উত্তর দিয়ে সে পুরস্কার হিসেবে পায় একটি রুটিন কার্ড। বলে, ‘অপেক্ষা করেছি তো কী হয়েছে। বিজয়ী তো হয়েছি।’ হ্যাপিনেস মেশিনে সঠিক উত্তর দিয়ে দেড় শতাধিক শিক্ষার্থী টি-শার্ট, স্কেল, ক্যাপ, রিজব্যান্ড, চাবির রিং ইত্যাদি পুরস্কার জিতে নেয়। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে মঞ্চ থেকে বলা হচ্ছিল কুইজ। মিয়ানমারের পূর্ব নাম কী, বাংলাদেশের সরকারি টেলিভিশন কোনটি ইত্যাদি প্রশ্ন করার সঙ্গে সঙ্গে হাত তোলে শিক্ষার্থীরা। এভাবে মজার মজার ইভেন্টে বেলা একটায় শেষ হয় প্রাণবন্ত উত্সব।ইন্টারনেট উত্সবের সহযোগী হিসেবে রয়েছে সরকারের শিক্ষা মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচি। সহায়তা দিচ্ছে গুগল, অপেরা, নকিয়া, ফেসবুক, চ্যানেল আই, এবিসি রেডিও ও রেডিও ফুর্তি। ব্যবস্থাপনা সহযোগিতা করছে এশিয়াটিক ইভেন্ট মার্কেটিং লিমিটেড। সার্বিক সহযোগিতায় ছিলেন প্রথম আলো বন্ধুসভার সদস্যরা।