শেষ হলো প্রযুক্তির দুই মেলা
বিসিএস কম্পিউটর সিটির বার্ষিক মেলা ‘সিটি আইটি ২০১৪’ এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির ‘বিসিএস আইসিটি ওয়ার্ল্ড ২০১৪’ মেলা গতকাল শনিবার শেষ হয়েছে। বিকেলে সিটিআইটি মেলার মঞ্চে হয়েছে সমাপনী অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, বাংলাদেশকে ডিজিটাল করতে হলে ইন্টারনেটের ব্যবহার আরও বাড়াতে হবে এবং বেশি করে কম্পিউটার ব্যবহার করতে হবে। সবাই যাতে সহজে ইন্টারনেট ব্যবহার করতে পারে, সে জন্য ইন্টারনেটের খরচও কমানো হচ্ছে।
অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, নতুন প্রজন্ম ডিজিটাল বাংলাদেশকে বহুদূর নিয়ে যাবে। আর বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এ ধরনের কম্পিউটার বাজার দরকার। অনুষ্ঠানে তথ্যপ্রযুক্তি খাতে বিশেষ অবদানের জন্য ইয়াফেস ওসমানকে সম্মাননা দেওয়া হয়। উপস্থিত ছিলেন এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশনের (অ্যাসোসিও) সভাপতি আবদুল্লাহ এইচ কাফি, কম্পিউটার সিটির সভাপতি মজিবুর রহমান, মেলার আহ্বায়ক এ এন এম কামরুজ্জামানসহ বিসিএস কম্পিউটার সিটির সদস্যরা।
অপরদিকে বিসিএস আইসিটি ওয়ার্ল্ডে গতকাল নারী দিবস উপলক্ষে বিশেষ আয়োজন করা হয়। রাজধানীর প্রগতি সরণির যমুনা ফিউচার পার্কের চতুর্থ তলায় এ মেলার মাধ্যমে তথ্যপ্রযুক্তির বাজার চালু হয়েছে। মেলায় ক্রেতারা যেসব মূল্যছাড় বা উপহার পেয়েছেন, তা মার্চ মাসজুড়েই থাকবে বলে জানিয়েছেন আয়োজকেরা।
— রাহিতুল ইসলাম