শেষ হলো বিজ্ঞান ক্যাম্প
ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের (ডিআইইউ) আশুলিয়া ক্যাম্পাসে শেষ হলো পাঁচ দিনের বিজ্ঞান ক্যাম্প। বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (বাবিজস) ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের (বিএফএফ) যৌথ উদ্যোগে আয়োজিত ‘প্রথম জগদীশ বসু বিজ্ঞান ক্যাম্প ২০১৩’ শীর্ষক এ ক্যাম্পে সারা দেশের ৫১ জন নির্বাচিত খুদে বিজ্ঞানী অংশ নেয়। গতকাল রোববার ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআইইউর উপাচার্য অধ্যাপক লুৎফুর রহমান, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হাবীব হাসনাত, বিপণন বিভাগের প্রধান আজম খান, বাবিজসের সহসভাপতি মুনির হাসানসহ আরও অনেকে। ক্যাম্পের শেষ দিনেও গ্রুপ ওয়ার্ক ও পোস্টার বানানো, উপস্থাপনা তৈরিসহ অন্যান্য কাজে ব্যস্ত সময় কাটিয়েছে অংশগ্রহণকারীরা। গতকাল সকালে ক্যাম্পের পরিচালক ফারসিম মান্নান মোহাম্মদীর সঞ্চালনায় পোস্টার প্রদর্শনী পর্বে উপস্থিত ছিলেন জাপানের বিজ্ঞানভিত্তিক সংস্থা সায়েন্স ফোরাম ২১-এর পরিচালক কৃষ্ণা জি নাথ, বিএফএফের নির্বাহী পরিচালক সাজ্জাদ হোসেন চৌধুরী, আহসান উল্লাহ বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ফারহানা মান্নানসহ অনেকে। উল্লেখ্য, গত ৩১ মে ও ১ জুন ঢাকায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক-বিএফএফ বিজ্ঞান কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। এতে নির্বাচিত খুদে বিজ্ঞানীদের নিয়ে এ ক্যাম্পের আয়োজন করা হয়। —আছিব চৌধুরী