শেষ হলো বিটম্যাপ-২ কার্যক্রম
বাংলাদেশে সফলভাবে শেষ হয়েছে দ্য বাংলাদেশ ইনফরমেশন টেকনোলজি ম্যানেজমেন্ট (বিটম্যাপ) ২ কার্যক্রম। বিটম্যাপের মাধ্যমে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসকে (বেসিস) একটি নির্ভরযোগ্য প্রাতিষ্ঠানিক কাঠামো গঠনে সাহায্য করা এবং বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের কোম্পানিগুলোর কর্মদক্ষতা বাড়ানোর জন্য বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়। ইউরোপিয়ান কমিশনের এশিয়া ইনভেস্ট-২ কর্মসূচির আওতায় বেসিসকে নিয়ে পরিচালিত এই কার্যক্রমের অর্থায়ন করে ড্যানিশ ফেডারেশন, টিঅ্যান্ডই সেন্টার (ফিনল্যান্ড) এবং বৃহত্তর ম্যানচেস্টার চেম্বার অব কমার্স (ইউকে)।
গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে ঢাকার একটি হোটেলে এই কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশে ডেনমার্কের রাষ্ট্রদূত হান্নে ফুগল ইস্কজেয়ার বলেন, ‘আমি খুব সহজেই বুঝতে পেরেছি, আইসিটি খাতে কাজের সুযোগ পেতে এ দেশের মানুষ খুবই আগ্রহী। এখন প্রয়োজন দক্ষ জনশক্তি এবং তাদের সঠিক ব্যবহার। তাহলে বাংলাদেশও একসময় প্রযুক্তিনির্ভর দেশ হিসেবে ভারত কিংবা ভিয়েতনামের মতোই বিশ্বের দরবারে পরিচিতি লাভ করবে।’
এ আয়োজনে বেসিসের সভাপতি শামীম আহসান বলেন, ২০১৮ সালের মধ্যে আইসিটি খাত থেকে ১০০ কোটি ডলার আয় করার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে বেসিস। তিনি এই খাতে দক্ষ জনশক্তি তৈরি করার কথা উল্লেখ করে বলেন, এটিই একমাত্র পথ, যার মাধ্যমে বাংলাদেশকে একটি উন্নত আয়ের দেশে রূপান্তর করা সম্ভব। পাঁচ বছরের মধ্যে দেশের ৫০ শতাংশ জনগণকে ইন্টারনেট সেবার আওতায় নিয়ে আসার জন্যও কাজ করছে বেসিস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসিসের মহাসচিব রাসেল টি আহমেদসহ আরও অনেকে।
অনুষ্ঠানে জানানো হয়, বিটম্যাপ পরিচালিত এই প্রকল্পে প্রায় দুই কোটি টাকা ব্যয় হয়েছে। ২০০৭ সালের ৬ জুন বাংলাদেশে বিটম্যাপ প্রকল্পের কাজ শুরু হয়।
—মো. রাফাত জামিল