শেষ হলো বেসিস প্রোগ্রামিং প্রতিযোগিতার প্রথম পর্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আয়োজিত প্রোগ্রামিং প্রতিযোগিতা ‘কোড ওয়ারিয়র চ্যালেঞ্জ’-এর প্রথম পর্ব শেষ হলো। গতকাল রোববার এই প্রতিযোগিতার শেষ দিনে প্রতিযোগীরা পরের পর্বে সুযোগ পাওয়ার জন্য লড়াই করেন। এই প্রতিযোগিতায় শিক্ষার্থী ও পেশাদার বিভাগে মোট ৮০টি দলের প্রায় ৩২০ জন প্রোগ্রামার অংশগ্রহণ করেন। প্রথম পর্বে এমসিকিউ পরীক্ষার মাধ্যমে বিজয়ী ৪৫ জনকে দ্বিতীয় পর্বে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়। বেসিসের কার্যালয়ে ডটনেট, পিএইচপি ও জাভা এই তিনটি ভাগে পর পর তিন দিন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শেষ দিনে দ্বিতীয় পর্বে পিএইচপি প্রোগ্রামারসের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিন গত শনিবার মুহম্মদ জাফর ইকবাল প্রতিযোগিতা দেখতে আসেন এবং এই প্রতিযোগিতার মাধ্যমে প্রতিযোগীরা প্রোগ্রামিং বিষয়ে আরও দক্ষ হয়ে উঠবে বলে মন্তব্য করেন তিনি। বেসিসের যুগ্ম সাধারণ সম্পাদক তামজিদ সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ‘এই প্রতিযোগিতার মাধ্যমে প্রোগ্রামিং বিষয়ের চর্চা হচ্ছে, যা কর্মক্ষেত্রেও সহায়ক হবে।নতুন প্রোগ্রামাররাও এ থেকে উৎসাহ পাবেন।’ চূড়ান্ত পর্ব ৪ ফেব্রুয়ারি ঢাকায় সফটএক্সপো মেলায় অনুষ্ঠিত হবে। — মোছাব্বের হোসেন