শেষ হলো বেসিসের সফটওয়্যার মেলা
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) আয়োজনে চার দিনের ‘বেসিস সফটএক্সপো ২০১৭’ শেষ হয়েছে গতকাল শনিবার। সমাপনী পর্বে আয়োজন করা হয় ‘লিডারশিপ মিট’। এতে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ উপস্থিত ছিলেন।
সফটওয়্যার মেলা সম্পর্কে আহ্বায়ক সৈয়দ আলমাস কবীর প্রথম আলোকে বলেন, ‘এবারের মেলায় প্রায় ৬০ শতাংশ নতুন প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এবারের মেলায় এক লাখের বেশি দর্শনার্থী এসেছিলেন।’
এবারের মেলায় ৫৭টি স্টল, ৩৬টি মিনি প্যাভিলিয়ন ও ১৬টি প্যাভিলিয়নে প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য ও সেবা প্রদর্শন করে। সেমিনারগুলোতে দেশ-বিদেশের তথ্যপ্রযুক্তি খাতের বিশেষজ্ঞরা অংশ নিয়েছিলেন। দেশের সফটওয়্যারের নিজস্ব চাহিদা পূরণে সক্ষমতা প্রদর্শন ও আস্থা তৈরির জন্যই এ মেলার আয়োজন করা হয়েছিল।
প্রোগ্রামিং কর্মশালায় অব্যবস্থাপনা
গত শুক্রবার সকালে স্কুলশিক্ষার্থীদের জন্য ‘কোডিং ফর কিডস’ নামের দুই ঘণ্টাব্যাপী প্রোগ্রামিং কর্মশালার আয়োজন করে মাইক্রোসফট বাংলাদেশ। তবে ইন্টারনেট সংযোগ নিয়ে ছিল অব্যবস্থাপনা।
কর্মশালার শুরুতে মাইক্রোসফট এশিয়া প্যাসিফিক অঞ্চলের সাউথইস্ট এশিয়া নিউমার্কেটসের ডেভেলপার এক্সপেরিয়েন্স লিড ওয়েলিংটন পেরেরা কর্মশালায় আগত কয়েক শ স্কুলশিক্ষার্থীকে প্রোগ্রামিংয়ের হাতেখড়ি দেন। কিন্তু ইন্টারনেট সংযোগ না পেয়ে শিক্ষার্থীরা অনুশীলন করতে পারেনি। অনুষ্ঠানে প্রধান অতিথি তারানা হালিম এ সময় ক্ষুব্ধ হয়ে বলেন, ‘বিটিসিএল (বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড) থেকে ইন্টারনেট সংযোগ নিলে এমন অব্যবস্থাপনা হতো না।’
শিক্ষায় তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়াতে সেমিনার
মেলার তৃতীয় দিন ৩ ফেব্রুয়ারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) আয়োজনে অনুষ্ঠিত হয় ‘তথ্যপ্রযুক্তি শিক্ষায় ওয়ার্ল্ড কংগ্রেস অব আইটি-২০১৬-এর সুপারিশমালা’ শীর্ষক সেমিনার। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান মো. সবুর খান।
নিজস্ব প্রতিবেদক